২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাম’ শাহিদ , ‘লাখান’ রানভির

সুভাষ ঘাইয়ের সুপারহিট সিনেমা ‘রাম লাখান’ আরও একবার পর্দায় ফিরিয়ে আনছেন রোহিত শেঠি আর কারান জোহর। শোনা যাচ্ছে, রাম ও লাখানের চরিত্রে সিনেমাটি অভিনয় করবেন শাহিদ কাপুর ও রানভির সিং।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 08:01 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

‘রাম লাখান’র রিমেইক নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে মিড-ডে জানাচ্ছে, শাহিদ এবং রানভিরই আছেন নির্মাদের পছন্দের শীর্ষে।

মিড-ডেকে এ ব্যাপারে একটি সূত্র জানায়, “লাখানের ভূমিকায় অনেকেরই নাম এসেছিলো, তবে রানভির ছিলেন প্রথম পছন্দ। এছাড়াও আগের সিনেমায় লাখানের ভূমিকায় অভিনয় করা অনিল কাপুর গত বছর মত দিয়েছেন, রানভিরই এই ভূমিকায় উপযুক্ত। অপরদিকে জ্যাকি শ্রফের জায়গায় নতুন রাম হিসেবে শাহিদকে আদর্শ বলে মনে করেছেন নির্মাতারা। যদিও শাহিদ কিংবা রানভির-- কেউই এখনও চুক্তিবদ্ধ হননি এই চরিত্র দুটির জন্য।”

সূত্রটি আরও জানায়, “নির্মাতারা মাধুরি দিকশিত এবং ডিম্পল কাপাডিয়ার চরিত্রে নতুন মুখ খুঁজছেন। সম্ভবত এই বছরের শেষেই সিনেমাটির কাজ শুরু হবে। সবকিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”

এর আগে এই সিনেমার জন্য শোনা যাচ্ছিলো ভারুন ধাওয়ানের নাম। কিন্তু একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, তাকে এই সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়নি। 

আরও শোনা গেছে, প্রথমে নাকি এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রানভির। অন্য কোনো অভিনেতার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে না চাওয়াই এর অন্যতম কারণ। তাছাড়া, রোহিত শেঠিরই আগের সিনেমা ‘দিলওয়ালে’র ব্যার্থতাও আরেকটি কারণ হতে পারে। তবে এখন এ ব্যাপারে উৎসাহই দেখাচ্ছেন বলে জানা গেছে।

১৯৮৯ সালের সিনেমা ‘রাম লাখান’কে ধরা হয় আশির দশকের অন্যতম জনপ্রিয় সিনেমা হিসেবে। নির্মাতা সুভাষ ঘাইয়ের ক্যারিয়ারেও মাইলফলক হয়ে আছে সিনেমাটি।

মজার ব্যাপার হলো, এই দুই চরিত্রে শুধু রানভির আর শাহিদই নন, এর আগে ভাবা হয়েছিলো শাহরুখ খান, অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা, হৃতিক রোশান, আভিষেক বচ্চনের মতো নামী-দামী তারকার নামও। ২০১৩ সালে ঘোষণা দেওয়ার পর অবশেষে এর কাজে হাত দিতে যাচ্ছেন নির্মাতারা।