২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঙালি রীতিতে বিপাশার বিয়ে

সানাই বাজতে আর খুব বেশি দেরি নেই। ৩০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বিপাশা বসু এবং কারান সিং গ্রোভার। সে জন্য সব অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে বেশ জোরেসোরে। এবার জানা গেল বঙ্গসুন্দরী বিপাশার বিয়েটাও হবে বাঙালি আচার-প্রথা মেনেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 06:13 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

টাইমস অফ ইন্ডিয়া আরো জানায়, ভারতীয় ঐতিহ্য অনুসারেই সম্পন্ন পুরো আনুষ্ঠানিকতা। মেহেদী এবং সংগীত উৎসব একসঙ্গে অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হবে ৩০ এপ্রিল, বিয়ের দিন সকালে। অপরদিকে দক্ষিণ মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া বিয়েটি সম্পন্ন হবে বাঙালি রীতিতে।

ভারতের প্রভাবশালী ওই দৈনিককে এ ব্যাপারে এক সূত্র জানায়, “তিনি (বিপাশা) চান বিয়ের পুরো অনুষ্ঠানটা সবার জন্য চমকে ভরপুর রাখতে, এমনকি কারানের জন্য। বিপাশা নিজে প্রধান অনুষ্ঠানের সব খুঁটিনাটির দেখাশোনা করছেন। তার বাবা-মা কলকাতা থেকে উড়ে এসেছেন তার কাজে সাহায্য করতে।”

পারিবারিক আয়োজনে বিয়ে করলেও হিন্দি সিনে তারকাদের অনেকেই পরে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন রুপালি জগতের বন্ধুদের জন্য। তবে বিপাশা আর কারান ঠিক করেছেন, এরকম কোন কিছুর আয়োজন করবেন না তারা।

“এর বদলে বিয়ের রাতে তারা ছোটখাটো একটি পার্টির আয়োজন করবেন। এই আয়োজনটিতে উপস্থিত থাকবেন বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা।”- এমনটাই জানিয়েছে সূত্র।

এটি হতে যাচ্ছে কারানের তৃতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী শ্রদ্ধা নিগাম এবং জেনিফার উইঙ্গেটের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। অপরদিকে এর আগে জন আব্রাহাম, দিনো মোরিয়া এবং হারমান বাওয়েজার সঙ্গে সম্পর্ক গড়লেও এটিই প্রথম বিয়ে বিপাশার।