ইসলাম গ্রহণ করতে চান লোহান!
এর আগেও একবার শোনা গিয়েছিল, ইসলাম ধর্ম গ্রহণ করতে চলেছেন আলোচিত অভিনেত্রী লিন্ডসে লোহান। এবার লোহান নিজেই জানিয়েছেন, খৃষ্ট ধর্ম ছেড়ে মুসলমান হওয়ার কথা ভাবছেন তিনি।
২০১৫ সালে একটি শিশুকেন্দ্রে ২৯ বছর বয়সী লোহানকে দেখা গিয়েছিল একটি কুরআন শরীফ বহন করতে। তখনই জোর গুঞ্জন উঠেছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই তারকা।
নিজেকে আধ্যাত্মিক ব্যাপারগুলোতে বেশ 'খোলামন'-এর অধিকারী বলে দাবী করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন লোহান, জানিয়েছে ‘ডেকান ক্রনিকলস’। আর তাই খ্রিস্টান ক্যাথলিক ধর্ম ছেড়ে এখন পা বাড়িয়েছেন ইসলামের দিকে। ইসলামকে মার্কিন
মুলুকে কোন দৃষ্টিভঙ্গি থেকে আলাদা চোখে দেখা হয়, সেটা নিয়েও কথা বলেছেন তিনি, “কুরআন শরীফ বহন করাতে যে অর্থ নিহিত, মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে এর ভিন্ন একটি অর্থ দাঁড় করানো হয়েছে।”
২০১৫ সালে অপরাহ উইনফ্রের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, “আমি সবসময়ই আধ্যাত্মিক মনোভাবের, যত সময় যাচ্ছে আমি আরও বেশি আধ্যাত্মিক হয়ে যাচ্ছি।”
টিনএইজ বয়সে কাব্বালাহ মতাবলম্বীদের সমর্থনে হাতে লাল সুতো পড়তে দেখা গেছে লোহানকে। এছাড়া বৌদ্ধদের এক গোষ্ঠীরও অংশ হয়েছিলেন তিনি।
২৮ বছর বয়সী লোহান আইরিশ-ইতালীয় বংশোদ্ভূত। তিনি বড় হয়েছেন ক্যাথলিক খ্রিস্টান পরিবারে।
