২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানিব্যাগ’ ফিরে পেলেন থর!

পর্দায় বজ্রের দেবতা থরের বেশে যতোই অমিত শক্তিধরের অভিনয় করুন না কেন, মানিব্যাগ হারিয়ে মার্কিন তারকা ক্রিস হেমসওয়ার্থের অবস্থা হয়েছিল আর দশটা সাধারণ সানুষের মতোই। এমনকী খোয়ানো মানিব্যাগ ফিরে পাবার আশাও ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে, তাকে চমকে দিয়ে মানিব্যাগ নিয়ে হাজির ১৭ বছর বয়সী এক কিশোর!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 06:22 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

মারভেল কমিক্সের সুপারহিরো হিসেবে থর কিশোর এবং তরুণদের কাছে দারুণ জনপ্রিয়। আর তাই রাস্তায় কুড়িয়ে পাওয়ার পর ট্রিস্টিন বাডজিন-বেইকার মূহুর্তেই বুঝে গিয়েছিল, সে কার মানিব্যাগ হাতে পেয়েছে। হেমসওয়ার্থের মানিব্যাগ হাতে পেয়ে সে তার মাকে জানায়, “জানো এটা কার? আমরা ‘থর’-এর মানিব্যাগ খুঁজে পেয়েছি।”

বিস্ময়করভাবে থরের মানিব্যাগ খুঁজে পাওয়ার এই গল্প উঠে আসে সেলেব্রিটি চ্যাট শো ‘দ্য এলেন ডিজেনারেস শো'-এ। সোমবারের পর্বটিতে ৩২ বছর বয়সী তারকার পাশাপাশি উপস্থিত ছিল ট্রিস্টিনও। তার মুখ থেকে আরও জানা গেল, মানিব্যাগটি পেয়ে কিছুক্ষণের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল সে।

এলেন ডিজেনারেসকে সে জানায়, “আমরা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না আমরা কি করবো।”

মানিব্যাগটি যখন কুড়িয়ে পায় ট্রিস্টিন, তখনও তাতে ছিল অনেকগুলো নোট। তবে, অর্থের

প্রতি কোনো লোভ দেখায়নি ট্রিস্টিন, অক্ষত অবস্থায় মানিব্যাগটি ফিরিয়ে দিয়েছে হেমসওয়ার্থের কাছে।

আর তাই, পুরস্কারস্বরূপ হেমসওয়ার্থ অর্থটুকু দিয়ে দিয়েছেন ট্রিস্টিনকে। সঙ্গে ইমেজ পাবলিশার শাটারফ্লাইয়ের পক্ষ থেকেও সে পেয়েছে ১০ হাজার মার্কিন ডলার।

তবে, অর্থপ্রাপ্তি নয়, ট্রিস্টিনের বড় পাওয়া হল, স্বয়ং হেমসওয়ার্থয়ের অটোগ্রাফ, যা তাকে ওই অনুষ্ঠানেই কোটি কোটি দর্শকের সামনে দেন থর তারকা।