২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গরমে কাবু ‘বাহুবালি’

গোটা ভারত জুড়েই বয়ে চলা তীব্র তাবপ্রবাহের কবলে এবার পড়েছে ‘বাহুবালি টু’ সিনেমাটিও। প্রচণ্ড গরমে কাজ করা অসম্ভব হয়ে পড়ায় থমকে আছে দেশটির সবচেয়ে ব্যাবসাসফল সিনেমাটির দ্বিতীয় পর্বের শুটিং।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 05:46 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে সম্প্রতি চলছিল ‘বাহুবালি টু’-এর শুটিং। এই মুহুর্তে ওই এলাকার তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আর তাই হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে সিনেমার চিত্রায়নের সময় মাত্রাতিরিক্ত গরমে সিনেমার কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন নির্মাতারা।

ভারতীয় দৈনিক ডিএনএ ইন্ডিয়া জানায়, অত্যাধিক গরম প্রভাব ফেলতে শুরু করে শুটিং সংশ্লিষ্ট মানুষদের উপর। নির্মাতা এস এস রাজামৌলি চেয়েছিলেন নির্দিষ্ট কিছু অংশের কাজ আগেভাগেই শেষ করে রাখতে, কিন্তু প্রচণ্ড খরতাপে সেটি আর হচ্ছে না। উপায়ন্তর না দেখে নির্মাতা বাধ্য হন পুরো দলকে একমাসের ছুটি দিতে।

২০১৭ সালের ১৪ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘বাহুবলি টু’। এর আগে ঠিক হয়েছিল, চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু নানা কারণে পিছিয়ে যায় এর মুক্তি।

গত কিছুদিনের তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশ নিবাসী লোকেরা। স্থানীয় সরকার ঐ স্থানের অধিবাসীদের উপদেশ দিয়েছেন দিনের বেশিরভাগ সময় ঘরের ভিতরে থাকতে এবং পানি পান করতে।