২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডেও বৈশাখ

বাঙালিদের পাশাপাশি বৈশাখের উৎসব পালন করে ভারতীয়রাও। পুরো ভারতজুড়ে যখন ভিন্ন ভিন্ন নামে পালিত হচ্ছে বৈশাখী উৎসব, তখন সবাইকে শুভেচ্ছা জানাতে ভোলেননি বলিউড তারকারাও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 03:01 PM

Updated : 25 Jul 2022, 09:23 PM

১৩ এপ্রিল পাঞ্জাবীরা ‘বৈশাখী’ পালন করার পরদিনই বাঙালিদের সঙ্গে ‘পহেলা বৈশাখ’ উৎসবে মেতে উঠেন আসামি, মালয়ালি এবং তামিল জনগোষ্ঠী। আসামের ভাষায় ‘বোহাগ বিহু’, মালায়াম ভাষায় ‘ভিশু’ এবং তামিলে ‘পুথান্ডু’ নামে পালন করা হয় নতুন বছরের প্রথম দিনটি। নাম ভিন্ন হলেও উৎসবের উদ্দেশ্য কিন্তু থাকে একই।

বিভিন্ন জনগোষ্ঠীর এই উৎসবে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রিশি কাপুর, সোনাকশি সিনহা, ইরফান খান, বিপাশা বসু, অমিতাভ বচ্চন, হেমা মালিনিসহ আরও অনেক প্রথম সারির শিল্পীরা।

১৪ এপ্রিল সকালেই টুইট করে ‘শুভ নববর্ষ’ জানান বাঙালি পরিবারের মেয়ে বিপাশা, পাঞ্জাবীদের বৈশাখী শুভেচ্ছাও দেন তিনি।

বৈশাখ উপলক্ষ্যে সাদা আর লালপেড়ে শাড়ি পড়া বাঙালি ললনার ছবি পোস্ট করেন অমিতাভ। লেখেন, ‘শুভ বাংলা নববর্ষ! পয়লা বৈশাখ!’

হেমা মালিনি লেখেন, ‘শুভ ভিশু, শুভ বৈশাখ (বাংলা নতুন বছর) সবাইকে। এই বছরটি যেন সবার সবদিক থেকে ভাল কাটে, নিরাপদে থাকুন।’

ভিশু, পুথান্ডু এবং বৈশাখ উপলক্ষ্যে আলাদা আলাদাভাবে তিনটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান রিশি কাপুর। ইংরেজিতে লেখেন, ‘শুভ নববর্ষ’। এই তিন গোষ্ঠীকে একসঙ্গে শুভেচ্ছা জানান অভিনেত্রী শ্রীদেবীও।

এদিকে বৈশাখের একদিন আগে উদযাপিত পাঞ্জাবী নতুন বছর ‘বৈশাখী’তেও টুইটার মুখর ছিল তারকাদের শুভেচ্ছা বার্তায়।

সোনাকশি টুইট করেন, ‘শুভ বৈশাখী, আনন্দ এবং ভালোবাসা রইল সবার জন্য।’

ইরফান খান একটি ছবির সঙ্গে লেখেন শুভেচ্ছা বার্তা, “শুভ বৈশাখী বন্ধুরা! এবারের নবান্ন উৎসবে যেন ভালোবাসা, সুখ এবং শান্তি বজায় থাকে।”

শীতের সময় বোনা রবিশস্য ঘরে তোলার উৎসব হিসেবে পাঞ্জাবে পালন করা হয় ‘বৈশাখী’। বাঙালি, আসামি, মালায়াম এবং তামিলদের ক্ষেত্রেও এই উৎসবের উদ্দেশ্য একই। এছাড়া বাঙালি সংস্কৃতিতে মানা হয়, বৈশাখ মাস বিয়ে এবং নতুন ব্যবসায় শুরু করার জন্য ভাল সময়।