২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নবীন তারকাদের পহেলা বৈশাখ: উদ্বেগের মেঘে ঢাকা রঙিন দিন

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। কিন্তু এই প্রাণের উৎসব তরুন প্রজন্মের কাছে শুধুই সেলফি তোলার উপলক্ষ্য নাকি একদিনের জন্য পান্তা-ইলিশের বাঙালি বনে যাওয়া! তরুণ তারকারা এ দিনটিকে কিভাবে উদযাপন করেন - তাই জানতে চেয়েছিল গ্লিটজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 11:04 AM

Updated : 11 Oct 2022, 08:05 PM

চিত্রনায়িকা পুষ্পিতা পপি মনে করেন, পহেলা বৈশাখে সবাই অতিমাত্রায় বাঙালি বনে যায়। 

“পহেলা বৈশাখ হলো বাঙালির প্রাণের উৎসব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি কেবল মাত্র একদিনের জন্যই আমরা হৃদয়ে অতিমাত্রায় বাঙালিয়ানা ধারণ করি। বছরের প্রতিটি দিন যদি আমরা হৃদয়ে বাঙালিয়ানা ধারণ করতাম তাহলে আমাদের লোকজ সংস্কৃতি যেগুলো রয়েছে যেমন - পুতুল নাচ, পালা গান, যাত্রা, সার্কাস, লোক সংগীত এখনকার চেয়ে আরো বেশি সমৃদ্ধির স্থানে থাকতো। কিন্তু সেখানে কি আছে? এমনকি আমাদের ঢাকাই সিনেমাও হারিয়েছে তার স্বর্ণালী যুগ। কারন আমরা বছরের কয়েকটি দিন বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে বছরের বাকি দিনগুলোতে পশ্চিমা সংস্কৃতির মধ্যেই ডুবে থাকি। আর উদযাপনের কথা বলতে গেলে শুধু এতটুকুই বলবো, আমার কাছে প্রতিটি দিনই আনন্দের..নববর্ষের মতো হাজারো রঙে সাজানো স্বপ্নে দিন।”

চিত্রনায়িকা শিরিন শিলার কাছে ঈদের চেয়ে নাকি বেশি আনন্দের দিন বাংলা নববর্ষ। কিন্তু পুরনো দিনের কথাগুলো পহেলা বৈশাখের দিনে তাকে নাকি আরো বেশি নস্টালজিক করে তোলে।

“আসলে বৈশাখ মানেই হচ্ছে বাঙালির নতুন বছর। বছরের দুটো ঈদ আমরা যতটা আনন্দ নিয়ে উদযাপন করি, আমার কাছে মনে হয় তার থেকেও বেশি আনন্দ আমরা পহেলা বৈশাখে সবাই মিলে করে থাকি। সকালে পান্তা-ইলিশ, বিভিন্ন ভর্তা দিয়ে ভাত খাওয়া, নাগরদোলায় বন্ধুদের নিয়ে চড়া, বৈশাখী মেলায় চটপটি, ফুচকা, নিমকি ইত্যাদি খাবার খাওয়া, নতুন জামা কাপড় পড়া, নতুন চুরি ..লাল পাড়ের সাদা শাড়ি পড়তেই হবে..খুব সুন্দর করে সাজতে হবে..মেলায় কেনাকাটা..আসলে আমার কাছে মনে হয় এগুলো নিয়েই আমাদের পহেলা বৈশাখ। মিডিয়ায় কাজ করার আগের বৈশাখ যেমন রঙিন ছিলো এখনও তেমনি রঙিন। তবে কিছুটা ভিন্নতা রয়েছে। কারণ এখন আর আগের মতো স্বাধীনভাবে মেলায় ঘুরাঘুরি, খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডাবাজি করতে পারি না। বরং এখন পহেলা বৈশাখে আমাদের শিল্পীদের বিভিন্ন মিলনমেলায় যেতে হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কিংবা টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। বলতে গেলে আমাদের মিডিয়াজগতের তারকাদের সাথে মিলেই আমার এখনকার বৈশাখ উদযাপন করা হয়। সেই ছোটবেলার বৈশাখ উদযাপনের দিনগুলি খুবই মিস করি। সেই দিনগুলি তো আর নাই।”

বাংলা নববর্ষকে একটু ভিন্নভাবেই দেখেন টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা আশিক চৌধুরী। তবে পহেলা বৈশাখ আগের মতো উপভোগ করতে না পারার আক্ষেপ রয়েছে তারও।

“পহেলা বৈশাখ ছিলো এক সময়ে ব্যবসায়ীদের আনুষ্ঠানিক হালখাতার অনুষ্ঠান। এদিন হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে বিগত দিনগুলোর পাওনা আদায় করা হতো ও তাদের মিষ্টি মুখ করানো হতো। কিন্তু কালক্রমে এই দিনটা আমাদের বাঙালিদের বছরের প্রথম দিন হিসেবে গন্য করা শুরু হয়। আমরা সবাই এখন এই দিনটাকে বেশ উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদযাপন করে থাকি। আসলে আমাদের অনেকেরই বিশ্বাস বছরের প্রথম দিনটা ভাল কাটলে বছরের বাকি দিনগুলোও ভালমতোই কাটবে। আমি যেহেতু শিল্পী সেহেতু আমাকে প্রতি বছরই মঞ্চের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। এক সময় যখন থিয়েটার করতাম তখন সকালের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারতাম..পান্তা ইলিশ খেতাম। কিন্তু সেই সুযোগ আর কই? শুধু তাই নয় পোশাক কেনার পরও বিভিন্ন অনুষ্ঠানের পারফর্ম্যান্সের কারণে নতুন বছরের পোশাকটা পরা হয়ে ওঠে না।”

এই প্রজন্মের মডেল ও অভিনেত্রী আইরিন আফরোজ পহেলা বৈশাখের নানা আয়োজনে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। 

“ছোটবেলায় পহেলা বৈশাখ মানেই হলো সকালে ঘুম থেকে উঠে পান্তা-ইলিশ খাবো। নতুন জামা কাপড় পরে বন্ধু-কাজিনদের সাথে নিয়ে ঘুরতে যাবো। আব্বু-আম্মু টাকা দিবে সেই টাকা নিয়ে বৈশাখী মেলায় যাবো। নাগরদোলায় চড়বো, নতুন চুরি কিনবো বলতে গেলে বেশ মজায় কাটালাম। কিন্তু এখনকার বৈশাখ উদযাপন আর আগের মতো হয় না। তবে আমার কাছে পহেলা বৈশাখ হলো একটা রঙিন দিন। পহেলা বৈশাখ মানেই হলো চারিদিকে অনেক রঙের ছড়াছড়ি, যে দিন মানুষ তার নিজের মন ও তার চারপাশের সবকিছুই হাসিমুখে বিভিন্ন রঙে সাজিয়ে অনেক রঙিন করে নিতে পারে। নিজের যত আনন্দ আছে তা সবার সাথে ভাগ করে নেওয়ার দিন এটি। এই দিনে ধনী-গরীব ও কোনো ধর্মের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কিন্তু বিগত বছরগুলো পহেলা বৈশাখে তাপমাত্রা এতই বেশি থাকে যে চারুকলা বা টিএসসিতে দিনের বেলা এত লোকের ভিড়ে আসলেই ঘুরতে যাওয়া সম্ভব না..যাওয়া হয়ে ওঠেও না। আর পহেলা বৈশাখে যেসব অপ্রীতিকির ঘটনা ঘটেছে তার পর থেকে তো বছরের অন্য সময়গুলোতেও ঘর থেকে বের হতে ভয় লাগে। তাই এখন পহেলা বৈশাখে সকালে পরিবারের সঙ্গে কাটিয়ে বাঙালি ট্র্যাডিশনাল সাজে বিকেলে বন্ধুদের সাথে  কাটাই। তাছাড়া এখন কোনো অনুষ্ঠান মানেই কোনো ভালো রেস্তারাঁয় গিয়ে খাওয়া-দাওয়া করে চলে আসা। কারণ এখন আর আগের মতো প্রাণভরে ঘুরে বেড়ানোর কোনো জায়গাও নেই, সেই সুষ্ঠু পরিবেশও নেই..ফলে অনেক ক্ষেত্রেই নিরাপত্তাহীনতায় ভুগি।”

পহেলা বৈশাখকে বিশেষ দিন হিসেবে দেখলেও অন্যদের তুলনায় একটু ভিন্নভাবেই দিনটি কাটিয়ে থাকেন অভিনেত্রী বিপাশা কবির।

“আমাদের বাঙালিদের জন্য পহেলা বৈশাখে একটি বিশেষ দিন। প্রতি বছর সারা বিশ্বে আমরা আন্তর্জাতিকভাবে ৩১ ডিসেম্বরের রাতে ইংরেজি নববর্ষ উৎযাপন করি । কিন্তু পহেলা বৈশাখের দিনটা আমরা বাঙালিরা আমাদের নিজেদের মতো করে উদযাপন করি। কারণ এটা আমাদের নিজস্ব উৎসব। আগে যেমন এই দিনে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে যেতাম কিন্তু এখন আর আগের মতো দিনটি উপভোগ করা হয়ে ওঠে না। তবে এখন আমাদের শিল্পীদের বিভিন্ন মিলনমেলায় সবাই একত্রিত হই। আসলে এখনকার পহেলা বৈশাখে আমাদের শিল্পী সমিতির বন্ধু-সহকর্মীদের সাথেই দিনটা উদযাপন করা হয়ে থাকে। এখন আর ছোটবেলার মত বন্ধুদের নিয়ে রমনা পার্কে, বৈশাখী মেলা, টিএসসিতে ঘুরতে যাওয়া হয় না। তবে আমার খুব বেশি ঘুরতে যাওয়া হয়েও ওঠেনি কারণ এতো গরমের মধ্যে আসলে ঘুরতে যাওয়াটাও বেশ কঠিন।”

মডেল ও অভিনেতা মনোজের কণ্ঠে শোনা গেল অভিমানের সুর। 

“পহেলা বৈশাখে মানুষের আনন্দ দেখতে ভাল লাগে। এত কিছুর পরেও বাঙালি যেভাবে উৎসবমূখর হয়ে ওঠে সেটা দেখে ভাল কিছুর জন্য অনুপ্রাণিত হই। মানুষের প্রাণশক্তি আর স্বতস্ফুর্ততা দেখে মনে হয় পৃথিবীর একটা মানে আছে। তবে উল্টোদিকে বৈশাখের ভয়াবহ রোদ, ঢাকায় মানুষের ভীড়, গরম, জ্যাম সবকিছু আমাকে একদমই টানে না শোভাযাত্রায় যেতে, এমনকি ঘর থেকেও বেরোতে ইচ্ছা করে না। তার ওপর গত বছরের ঘটে যাওয়া নারী লাঞ্চনার ঘটনায় আরো অসহায় লাগে। ছোটবেলা কেটেছে রাজশাহিতে। তখন পহেলা বৈশাখের সকালে পদ্মায় হাজার হাজার মানুষকে স্নান করতে দেখতাম, গান গাইতে দেখতাম, আনন্দ করতে দেখতাম। সদ্য গ্রাম থেকে আসা কিশোর আমার চোখে খুবই অবাক এবং অকারণ ঠেকত সব। পরে বুঝেছি বড় হয়ে যাওয়া মানুষের এই একটু আধটু জানালায় খোলা জীবন। আগে এই দিনে বাবা-মার দেয়া নতুন কাপড় পরতে আনন্দ লাগত। এখন সেসব নিয়ে কোনো আগ্রহ নেই। আগে এই দিনে রোদে পুড়ে ঘুরে বেড়াতাম, এখন কাজ করি অথবা ঘুমাই। উৎসব পালন করতে করতে বাঙালি সব ভুলে যেতে পারে। তার অধিকার, দায়িত্ব, মনুষত্ব, মা, বোন সব। সূর্য আমাদেরকে মানবিক করে তুলুক, বুদ্ধিদীপ্ত করে তুলুক। এসো হে বৈশাখ।”

(আশিক চৌধুরীর ছবি তার ফেসবুক থেকে নেয়া।)