২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপারহিরোদের বাংলাদেশি কারিগর

আজ হিমুর বিয়ে- ২০০৭ সালের বই মেলায় হুমায়ূন আহমেদের এই বইয়ের প্রকাশনা উৎসবে একজন স্বাস্থ্যবান মানুষকে হলুদ পাঞ্জাবি পরিয়ে সারা মেলায় র‌্যালি করা হল। তারপরই সেই ব্যক্তি পরিচিতি পেয়ে গেল হিমু নামে।

ওমর শরীফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 02:10 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

স্থান নুহাশপল্লি। সুনিল গঙ্গোপধ্যায় গিয়েছেন বেড়াতে। আড্ডর এক ফাঁকে হুমায়ূন আহমেদের কথা রাখতে সুনিলকে একজন স্বাস্থ্যবান ছেলে নিজের কবিতা আবৃতি করে শোনাচ্ছেন। সুনিলসহ বাকি সবাই মুগ্ধ বিস্ময়ে সেই কবিতা শুনছেন।

২০০৭ সালের একটি টুথপেস্টের বিজ্ঞাপন। বিজ্ঞাপনচিত্রে দেখা গেল টুথপেস্টের কল্যাণে দাঁত এতই শক্ত যে, খেতে গিয়ে কাঁটা-চামচ পর্যন্ত চিবিয়ে ভেঙে ফেলছে। বিজ্ঞাপনের মডেল একজন স্থূলকায় পুরুষ।

হলিউডের ছবি ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস’ সিনেমায় অনেক অনেক মানুষ কাজ করেছেন। এদের মধ্যে একজন স্বাস্থ্যবান বাংলাদেশিও আছেন। সরাসরি না হলেও কম্পিউটারের পেছনে থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজের অংশ হিসেবে ছিলেন এই বাঙালি।

উপরের এই চার ঘটনারই স্বাস্থ্যবান মানুষটি একজনই। তিনি ওয়াহিদ ইবনে রেজা। কাছের মানুষ তাকে চেনেন বাপ্পি হিসেবে।

কানাডার মুভিং পিকচার কোম্পানি (এমপিসি)’তে চাকরির সুবাদে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানের নতুন ছবিতে ভিজুয়াল ইফেক্টস কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন এই ‘ওজনদার’ মানুষটি।

সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন। বিভিন্ন মাধ্যমে এরইমধ্যে তার সাক্ষাৎকার গিয়েছে। অনেকেরই ধারণা হয়েছে বাপ্পি বোধহয় ব্যাটম্যান চরিত্রে রূপদান করা বেন অ্যাফলেকের সঙ্গে এক টেবিলে বসে চা খেয়েছেন। আর শটের পর সুপারম্যানের চরিত্রের হেনরি ক্যাভলকে পিঠ চাপড়ে দিয়ে বলেছেন, ‘বাহ মারামারিটা তো বেশ করলেন!’

“হা হা, নারে ভাই এমন কিছুই হয়নি। তবে পরিচালক জ্যাক স্নাইডারের সঙ্গে ভিডিও কনফারেন্স হয়েছে। তাও আমার টিম মেম্বারসহ। কয়েকটা বিষয় তিনি আমাদের বুঝিয়ে দিয়েছিলেন।” বললেন বাপ্পি।

“তাহলে আপনি করলেনটা কী?”

বাপ্পির উত্তর, “আসলে আমার কাজটা ছিল পুরো ভিজ্যুয়াল ইফেক্টসের বিষয়টা সমন্বয় করা। মানে কোন দৃশ্য আগে তৈরি হবে কোনটা পরে। কখন কে ডিউটিতে থাকবে, আজ সুপারম্যান নাকি ব্যাটম্যান মারামারির দৃশ্য হবে, নাকি অন্য জায়গার কোনো দৃশ্য পুনরায় তৈরি করতে হবে— এরকম হাজারও বিষয় সমন্বয় সাধন আমাকে করতে হয়।”

“তাহলে কি ছবিতে আপনার কোনো হাতই পড়েনি?”

বাপ্পির সরল উত্তর, “না!” একটু থেমে তিনি বলেন, “তবে গথাম সিটি তৈরির ব্যাপারে আমার কিছুটা হাত আছে।”

“মানে আপনি নিজে সেটা তৈরি করেছেন?”

“আরে তা নয়! সেটা তো করে আর্টিস্টরা।” বললেন বাপ্পি। “শহরটা দেখলেই যাতে ব্যাটম্যানের শহর মনে হয় এজন্য আমরা কমিক বুকের অনেক এলিমেন্ট নিজেরাই যুক্ত করি। তবে আমার কোঅর্ডিনেটর যে ছিল, সে পুরোপুরি কমিক-পাগল। সে আর আমি মিলে কমিকবুক থেকে বিভিন্ন তথ্য মনে করে গথাম শহরে বিভিন্ন উপাদান যোগ করি।”

“যে শহরটা আমরা তৈরি করলাম সেটাই আমরা ভেঙে ফেললাম। সিনেমাটি যারা দেখেছেন তারাই বুঝবেন আমি কি বলছি।” কথার ফাঁকে যুক্ত করলেন তিনি।

“আচ্ছা, ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানের কতখানিতে আসল মানুষ শুটিং করছে আর কতটা ইফেক্টসের ছোঁয়া পড়েছে?”

এবার একটু ঝেড়ে কাশলেন বাপ্পি, “সত্যি বলতে যেরকম মারামারি দেখানো হয়েছে তা আসলে সত্যিকারের মানুষের পক্ষে করা সম্ভব না। বাকিটুকু বুঝে নেন। শুধু বলবো মুভির মাঝখান থেকে শেষ পর্যন্ত প্রায় পুরোটাই কম্পিউটার গ্রাফিক্সের কাজ। এমনকি কিছু কিছু ক্ষেত্রে সুপারম্যান বা ব্যাটম্যানের পুরোটাই গ্রাফিক্স। তবে ধরা সম্ভব না।”

“হায়, তবে কি সবই ছলনা?”

“আরে, তা না।” বাপ্পির হেসে উড়িয়ে দিলেন। বললেন, “মজার বিষয় হচ্ছে ছবির শেষের দিকে যে মারামারির দৃশ্যটা আছে সেটা পুরোটাই ধারণ করা হয়েছে আয়রন ম্যানের গ্যারেজে।”

“যাহ, বাবা! এখানেও অ্যাভের্ঞ্জাস?”

“না মানে, আয়রন ম্যানের চরিত্রে বর্তমানে যিনি কাজ করছেন রবার্ট ডাউনি জুনিয়র, তিনি আবার জ্যাক স্নাইডারের বন্ধু। তো কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না বলে রবার্টের প্রস্তাবেই তার গ্যারাজে শুটিংটা সেরে ফেলা হয়। এই গ্যারাজের আয়তন পাঁচ হাজার স্কয়ার ফিট। তারপর অবশ্য আমরা বিভিন্ন ইফেক্টস দিয়ে আরও বাস্তব আবহ দিয়েছি।”

শুধু এই ছবিতেই নয়, বাপ্পি তার কর্মজীবনে হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’, ‘নাইট ‍অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টম্ব’, ‘এক্সোডাস: গডস অ্যান্ড কিংস’ এবং ‘ফিফটি শেইডস অব গ্রে’ ছবিতেও ভিজুয়াল ইফেক্টস কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন।

“সবই বুঝলাম, তবে ওই ‘ফিফটি শেইডস অব গ্রে’ ছবিতে কোথায় কম্পিউটার গ্রাফিক্স বসানো হল? এটাতে তো সেরকম কোনো কঠিন দৃশ্য নেই।”

বাপ্পি হাত নেড়ে উত্তর দিলেন, “আরে চাবুকের আগায় প্যাড লাগানো ছিল। যাতে মারলে ব্যথা না পায়। শুটিংয়ের পর আমরা প্যাড সরিয়ে সেখানে চামড়ার ঝালর বসাই। তারপর চামড়ায় যে চাবুকের দাগ পড়ছে সেই দাগও ভিজুয়াল ইফেক্টসে করা। তাছাড়া, নায়িকাতো আর সত্যি সত্যি কাপড় খোলেননি, তার হয়ে একজন ডামি ব্যবহার করা হয়েছে। শুধু পশ্চাৎদেশ উন্মুক্ত করে দাঁড়িয়ে থেকে প্যাড লাগানো চাবুকের বাড়ি খাওয়ার অংশটুকুতে ছিলেন তিনি। সেও তো মানুষ। বেচারি তাও বেশিক্ষণ আঘাত সহ্য করতে পারেননি। শেষে সব দায়িত্ব পড়লো আমাদের উপর। তাই ওই ছবিতে আমাদের একটা প্রজেক্টের নাম ছিল ‘বাট রিপ্লেসমেন্ট প্রোজেক্ট’ যেখানে আমরা ইফেক্টস দিয়ে হিপ তৈরি করে, সেখানে আঘাতের চিহ্ন দিয়ে আলাদা দৃশ্য তৈরি করি। সেটাতেও কত যে হ্যাপা। সত্যি সত্যি নায়িকার মতো হয়েছে কিনা পেছনের অংশটুকু- সেটার অ্যাপ্রুভাল পাওয়ার পর আমরা সেই দৃশ্য ছবিতে যুক্ত করি।”

যৌবনে অবশ্য এরকম মারপিট করেননি বাপ্পি। বাস্তবেও না, কল্পনায় তো অবশ্যই নয়। কারণ ছাত্রজীবনে তিনি মেতে ছিলেন হিমু নিয়ে। হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করার আগ থেকেই হিমুর মতো সারা ঢাকা শহর খালি পায়ে ঘুরেছেন। বনে গিয়ে চাঁদনি রাত উপভোগ করেছেন। এমনকি পকেট ছাড়া হলুদ পাঞ্জাবি পরেও দিন পার করেছেন।

শুধু হিমু উন্মাদনাই নয়, দেশের অন্যতম ব্যাঙ্গাত্বক ম্যাগাজিন ‘উম্মাদ’য়েও কাজ করেছেন তিনি। কথায় বলে যে একবার ‘উন্মাদ’ হয়, সে আজীবনই ‘উন্মাদ’ পরিবারের সদস্য হয়। তাইতো এখনও কার্টুনিস্ট-লেখক আহসান হাবীব সম্পাদিত ‘উন্মাদ’য়ে চোখ বোলালে প্রিন্টার্স লাইনে বাপ্পির নামের পাশে লেখা থাকে ‘বিদেশ প্রতিনিধি’!

যাই হোক, উন্মাদ’য়েরই আরেকটি প্রকাশনা ট্রাভল অ্যান্ড ফ্যাশন ম্যাগাজিনের জন্য হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন সেই ২০০৬ সালে। সেই সূত্র ধরে ছাত্রজীবনে বাপ্পি যখন নিজের কবিতার বই হুমায়ূন আহমেদকে দিতে গেলেন, তাকে দেখে কেনো জানি এই সাহিত্যিক বললেন, “অভিনয় করবা নাকি?”

সেই প্রস্তাবে রাজি হয়ে পরদিনই নুহাশপল্লিতে যাত্রা। ‘টার্গেট মিলিনিয়র’ নাটকে কাজের পর ২০০৭ সালে ‘চন্দ্রকারিগর’ নাটকে অভিনয় করে পেলেন খ্যাতি।

আর তাই, ২০০৭ সালে ‘আজ হিমুর বিয়ে’ বইয়ের প্রকাশনা উৎসবে অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলামের বুদ্ধিতে হিমু বানিয়ে র‌্যালি করার প্রস্তাবে রাজি হয়ে হুমায়ূন আহমেদ বলেছিলেন, “ওই মটুকে হিমু বানিয়ে ফেলো।”

তবে হিমু সিন্ড্রমে ভুগলেও তালে ঠিকই ছিলেন। তাইতো বুয়েটের গণ্ডি পেরিয়ে ২০১০ সালে পাড়ি দেন কানাডায়। ভর্তি হন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায়। সেখানে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশুনা চললো। পরে ইন্টার্নশিপের জন্য যান মার্কিন প্রতিষ্ঠান এনবিসি ইনিভার্সেলে। কাজ করেন টিভি সিরিজ ‘স্যুটস’ এবং ‘ডিফায়েন্স’-এ।

এরপর বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বর্ষের প্রজেক্ট হিসেবে তৈরি করেন শর্ট ফিল্ম ‘হোয়াট আই অ্যাম ডুইং হিয়ার’, যা তার নিজের জীবনেরই প্রতিচ্ছবি। পরবর্তী সময়ে এই ছবি নিয়ে অংশ নেন পারসিসটেন্স অব ভিশন ফিল্ম ফেস্টিভলে। যেখানে তিনি জয় করেন বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড। আর টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভলের শর্ট লিস্টেও ছিল এই শর্টফিল্মের নাম।

গ্র্যাজুয়েশন শেষ করে প্রথমে বাপ্পি যোগ দেন অ্যানিমেশন স্টুডিও বার্ডেল’য়ে। এরপর এমপিসি’র নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সেখানে পরীক্ষা দিয়ে উতরেও যান। তারপরেই শুরু হয় হলিউডের সঙ্গে ওঠাবসা।

“দেশের জন্য কিছু করবেন না? এই ধরেন, বাঙালি কোনো সুপার হিরো বানালেন!”

হাসতে হাসতে বাপ্পি বলেন, “ভাই আড়াই মিনিটের একটা ভিজুয়াল ইফেক্টস দিতে খরচ হবে অন্তত পক্ষে চার হাজার ইউএস ডলার।”

তবে তিনি এও বলেন, “দেশের জন্য ফিচার ফিল্ম বানানোর ইচ্ছে রাখি। এই বছরের শেষে আমি আবার আসবো। তখন এসব নিয়ে ফাইনাল করবো। আর সামনের বছর শুরু করবো কাজ।”

অ্যানিমেশন নিয়েও মেতে আছেন এই নির্মাতা। তৈরি করেছেন অ্যানিমেইটেড শর্ট ‘দ্য প্যারানয়েড ক্যাট’। আর ক্যালিফোর্নিয়ার স্যান হোজে শহরে সিনে-কোয়েস্ট ফিল্ম ফেস্টিভলে চারশজনের মধ্যে মাত্র সাতজনের চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়। তারমধ্যে বাপ্পির ‘দ্য প্যারানয়েড ক্যাট’ ছিল একমাত্র অ্যানিমেশন চলচ্চিত্র।

বাপ্পি বলেন, “এই অ্যানিমেশন ছবি তৈরি করা হয়েছে ‘বারকো এস্কোপ’ নামের নতুন ফর্মেটে। এই ফর্মেটে সিনেমা হলে চোখের সামনে যে পর্দা থাকে, তার দুই প্রান্তে আরও দুটি পয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পর্দা লাগানো থাকে। ফলে খালি চোখেই অনেকটা থ্রিডি-ভাব মনে হয়।”

বাপ্পি জানান, এই ফর্মেটের হল আছে মাত্র দেড়শোটা।

বাংলাদেশে আসার আগে এমপিসি’র চাকরি ছেড়ে মেথড স্টুডিওস নামের আরেক নামকরা ভিজ্যুয়াল ইফেক্টস প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। এই প্রতিষ্ঠান বেশিরভাগ সময় মার্ভেলের কাজ করে।

বাপ্পির কথায়, “আসার আগে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এর কাজ শেষ করেছি আমরা। ফিরে শুরু হবে বেনেডিক্ট কাম্বারবাচ অভিনিত ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর কাজ।”

আচ্ছা, তাহলে ক্যাপ্টেন আমেরিকার নতুন ছবির কোনো মজার বিষয় নিশ্চই বলবেন এখন?

দাঁত বের করে নীরবে হাসতে হাসতে মাথা নাড়তে থাকেন বাপ্পি, আর বলেন, “ছবি মুক্তি পাওয়ার আগে কোনো কথা হবে না। তবে এটা বলতে পারি, ‘অ্যাভেঞ্জারস’ সিরিজের পরের ছবি থেকে নতুন চরিত্র আসবে। পুরোনদের অনেকেই থাকবে না।”

ছোটবেলায় একমাত্র মামার কমিক বইয়ের ভাণ্ডার হাতে পেয়ে সেখান থেকেই বিভিন্ন সুপার হিরোর প্রতি আকর্ষণের শুরু।

বাপ্পির ভাষায়, “আমেরিকা চেনার আগে, আমি ক্যাপ্টেন আমেরিকাকে চিনেছি।”

তাইতো এখন তার লক্ষ্য হচ্ছে ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছানো। যাতে একদিন সত্যি সত্যি রবার্ট ডাউনি জুনিয়র, হেনরি ক্যাভিল, স্কারলেট জোহানসনদের সঙ্গে চা খেতে খেতে বৈঠক করতে পারেন।  হয়ত হুমায়ূন আহমেদের মতোই বলে বসবেন, ‘কি, অভিনয় করবা নাকি বাংলাদেশের সিনেমায়?”