বধূসাজে বিদায় প্রত্যুষার
শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত অবিবাহিতই ছিলেন ভারতীয় টিভি অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি। কিন্তু নববধূর সাজেই তাকে বিদায় জানিয়েছেন তার পরিবার ও ঘনিষ্ট জনেরা।
১ এপ্রিল ২৪ বছর বয়সী প্রত্যুষাকে তার মুম্বাইয়ের ফ্ল্যাটে পাওয়া যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়, তার মৃত্যু নিয়ে এখনও চলছে তদন্ত। শনিবার ২ এপ্রিল তার অন্তিম সংস্কার করা হয়।
শেষকৃত্য অনুষ্ঠানে ‘বালিকা বধূ’ খ্যাত এই অভিনেত্রীকে সাজানো হয়েছিল লাল রঙের ডিজাইনার লেহেঙ্গায়, ঠিক নতুন বউয়ের মতো করে।
সূত্র বলছে, ফ্যাশন ডিজাইনার রোহিত ভার্মার নকশা করা এই লেহেঙ্গাটি মৃত্যুর কয়েকদিন আগেই অর্ডার করেছিলেন প্রত্যুষা। কিন্তু পোশাকটি বেঁচে থাকাকালীন আর পরা হয়নি তার।
তার শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন টিভি পাড়ার সহকর্মী এবং ঘনিষ্ঠ বন্ধুরা। এর মধ্যে ছিলেন অভিনেত্রী কামিয়া পাঞ্জাবি, অ্যায়জাজ খান, রাখি সাওয়ান্ত, রতন রাজপুতসহ অনেকে।
২০১০ সালে ‘বালিকা বধূ’ সিরিয়ালে অভিনয় করে নজরে আসেন বাঙালি মেয়ে প্রত্যুষা, মুম্বাইতে থাকতেন একা। শুক্রবার ১ এপ্রিল বিকালে তার নিজের ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে আবিষ্কার করেন সাবেক প্রেমিক রাহুল রাজ সিং। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
