মালাইকা-আরবাজ বিচ্ছেদ: দায়ী কে?
নব্বইয়ের দশকের শেষের দিকে যখন এমটিভির জনপ্রিয় উপস্থাপিকা ছিলেন মালাইকা আরোরা, তখনই আরবাজ খানের সঙ্গে তার পরিচয়। বলা হয়, তাদের প্রেমটা হয়েছিল প্রথম দেখাতেই। দীর্ঘ ১৮ বছর সংসার করার পর তাদের বিচ্ছেদের খবর তাই চমকে দিয়েছে সবাইকে। কিন্তু দুজনের মধ্যে কে চেয়েছিলেন বিচ্ছেদ?
ডিএনএ পত্রিকা বলছে, সংসারে ভাঙনের সুরটা বাজিয়েছেন মালাইকা নিজেই। ভাসুর সালমান খান এবং নিজের বাবা-মায়ের শত বোঝানোর পরও নিজের সিদ্ধান্তে অটল থাকলেন তিনি।
এক সময় যার প্রেমে হাবুডুবু খেয়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হুট করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন, আজ তার সঙ্গে বিচ্ছেদ কেন চাইছেন মালাইকা?
সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা বলছে, আরবাজের ক্যারিয়ারের ব্যর্থতাই এর নেপথ্য কারণ। ফিল্মি পরিবারের সদস্য হওয়ায় বড় ভাইয়ের মত আরবাজও অভিনেতা হতে চেয়েছিলেন, কিন্তু তেমন সুবিধা করতে পারেননি।
এরপর থেকে সালমানের সিনেমায় টুকটাক প্রযোজনা করে কোনমতে টিকে আছেন। বলা যায়, বড় ভাই সালমানের ছত্র ছায়াতেই আছেন আরবাজ। কিন্তু স্বামীর এই ব্যর্থতা আর সহ্য করতে পারছিলেন না মালাইকা।
সূত্রটি আরো জানায়, খান পরিবারে প্রত্যেকের মধ্যে ঘনিষ্ঠতা থাকলেও নিজেকে সব সময় বহিরাগত মনে হয়েছে মালাইকার। আজ যদিও ছোট ভাইয়ের সংসারে ভাঙন ঠেকাতে মালাইকার সঙ্গে কথা বলেছেন সালমান, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে কখনও মালাইকার চাল চলন পছন্দ করতেন না।
মালাইকার সঙ্গে বরং এক ধরনের দূরত্বই ছিল সালমানের। তার আবেদনময়ী পোশাক-আশাক, তার বন্ধু-বান্ধব কাউকেই সালমান ভালো চোখে দেখতেন না, জানায় সূত্রটি।
বিচ্ছেদের গুঞ্জন শুরু হওয়ার আরো আগে থেকেই নাকি দূরত্ব সৃষ্টি হয়েছিল মালাইকা-আরবাজের মধ্যে। সূত্রটি বলছে, ইদানীং লন্ডনের এক ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে মালাইকার।
আরবাজের সঙ্গে মালাইকার রয়েছে ১৪ বছর বয়সী এক ছেলে।
