রেকর্ড গড়লো ‘নিরজা’
মুক্তির পর থেকেই বক্স-অফিসে চলছে সোনাম কাপুরের ‘নিরজা’র দাপট। সম্প্রতি হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি উপার্জনকারী সিনেমার খেতাব পেয়েছে ‘নিরজা’।
শুধু তাই নয়, সোনাম কাপুর অভিনীত এই সিনেমাটি পেছনে ফেলে দিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘মেরিকম’ এবং কাঙ্গানা রানাওয়াতের ‘কুইন’-এর সামগ্রিক আয়কে। নারীকেন্দ্রিক চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে ব্যবসাসফল হিসেবে ধরা হচ্ছে এখন ‘নিরজা’কে। ভারতের বাজারে সিনেমাটির এখন পর্যন্ত আয় ৬৭ কোটি ৬৫ লাখ রুপি।
ফেব্রুয়ারির মাঝামাঝি মুক্তি পেয়ে ভারতের অভ্যন্তরীণ বাজারে ২০১৬ সালে মুক্তি পাওয়া সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ‘নিরজা’।
১৯ ফেব্রুয়ারি মাত্র ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘নিরজা’ প্রথম তিন দিনেই নির্মাণ খরচ উঠিয়ে নিয়েছিল মাত্র ২১ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি।
এদিকে ৪ মার্চ মুক্তি পেয়েছে প্রকাশ ঝা পরিচালিত ‘গঙ্গাজল’- এর সিকুয়াল ‘জয় গঙ্গাজল’।মুক্তির চার দিনের মধ্যেই এ বছরের ব্যবসাসফল ১০ হিন্দি সিনেমার তালিকায় অষ্টম স্থানে পৌঁছেছে প্রিয়াঙ্কা অভিনীত সিনেমাটি।
কইমই ডটকম বলছে, চার দিনে ‘জয় গঙ্গাজল’ আয় করেছে ২২ কোটি ৫০ লাখ রুপি। ভেঙেছে ক্যাটরিনা কাইফের ‘ফিতুর’ এবং আর মাধভানের ‘সালা খাড়ুস’এর সামগ্রিক আয়ের রেকর্ড।
