২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীকেন্দ্রিক সিনেমায় নায়কদের অনীহা কেন?

নারীকেন্দ্রিক চলচ্চিত্রের আলাদা বাজার তৈরি হয়েছে বলিউডে। এসব সিনেমায় অভিনয় করছেন সেই নায়িকারাই, যারা এক সময় শাহরুখ-সালমানের মত নায়কদের বাহুডোরে পুতুলের মত নেচেছেন। কিন্তু গল্প যখন আবর্তিত হয় নায়িকাকে ঘিরে, তখন সেই সিনেমায় বড় মাপের নায়কদের থাকে ব্যপক অনীহা। শেষমেশ নায়িকাদের বিপরীতে ছোটখাটো অভিনেতাদের দিয়েই কাজ সারতে নির্মাতাদের। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 08:32 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

গতানুগতিক নিয়ম ভাঙার চল তো শুরু হলো। কিন্তু এই জয়যাত্রায় নায়কদের কতখানি সমর্থন পাচ্ছেন নায়িকারা? ডিএনএর এমন প্রশ্নে উত্তর দিলেন নিজেরাই।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কার ভাষ্যে এমন দিন আসতে দেরি নেই, যখন ‘পিকু’, ‘মেরি কম’ কিংবা ‘কুইন’- এর মত্র সিনেমায় নায়িকাদের পাশে দেখা যাবে বড় বড় নায়কদের।

"অমিতাভ বচ্চন, ইরফান খানের মতো অভিনেতারা ‘পিকু’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, একদিনে সবকিছু বদলাবে না, তবে কোন একদিন সবই বদলাবে।"

কারিনা কাপুর খান

নারীকেন্দ্রিক চলচ্চিত্রে নায়কদের অনুপস্থিতির পেছনে একটি বড় কারণ বাজেট বলে মনে করেন বেবো। তিনি বলেন, "জনপ্রিয়তার ভিত্তিতে শিল্পের বাজারে একজন অভিনেতার মূল্য যখন বেড়ে যায়, তখন তাকে পারিশ্রমিকও দিতে হয় সেরকম। এখন কেউ যদি স্বল্প বাজেটে একজন নায়িকাকে নিয়ে কোনো গল্প বলতে চায়, সেক্ষেত্রে নায়কের উপস্থিতির কারণে তাকে বাজেট নিয়ে সমস্যায় পড়তে হবে।"

সোনাম কাপুর

সোনাম জানালেন, এমন অভিজ্ঞতার মুখোমুখি তাকে অনেকবারই হতে হয়েছে।

"যখন আমি ‘আয়শা’তে অভিনয় করি, তখন আমার বিপরীতে অভয় দেওলকে নেয়া হয়েছিল। অভয়ের ক্যারিয়ার তখন ভাল চলছিল, তাই তাকে এই চরিত্রের জন্য রাজি করাতে বেশ বেগ পোহাতে হয়েছে।" এছাড়া ‘রানঝানা’ এবং ‘খুবসুরাত’- এর উদাহরণ টেনে সোনাম বলেন, বরাবরই এই সমস্যায় পড়েছেন তিনি। তার সদ্য মুক্তি পাওয়া ‘নিরজা’কেও এই কাতারের বাইরে রাখা যাবে না।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা বললেন, "স্বভাবগতভাবেই অভিনেতারা সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি খুঁজে নেন, যেখানে তাদের সময় কিংবা জনপ্রিয়তার অপচয় হওয়ার সুযোগ নেই।"  তবে নিজের পেশাগত অভিজ্ঞতা থেকে ক্যাট বিশ্বাস করেন, শাহরুখ, সালমানের মতো অভিনেতাদের যদি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়, তারা কাজটি করবেন।

দিপিকা পাড়ুকোন

দিপিকার মতে, জোর করে শুধু নায়কদের সিনেমায় ঢোকাতে চাইলেই তো হবে না। সে রকম চরিত্র থাকতে হবে তাদের জন্য।

"সিনেমার মাধ্যমে একটি গল্প বলা হয়, মূলত গল্প বলাটাই এখানে মুখ্য। কোনো নায়ক এতে কাজ করছে কী না তা নয়।"

নিমরাত কউর

নিমরাত বললেন, "কোনো নারীকেন্দ্রিক সিনেমায় সুপারস্টার নায়কের প্রয়োজন শুধু বাণিজ্যিক কারণেই হবে। একই যুক্তি খাটে কোনো প্রভাবশালী নায়কের সিনেমার ক্ষেত্রেও, যেখানে নায়িকাদের নেয়া হয় টিকিটের বিক্রি বাড়ানোর জন্য।" তার মতে, ব্যাপারটা এমন নয় যে অভিনেতারা আগে থেকেই ভেবে বসেন এটা তো নারীকেন্দ্রিক সিনেমা, তাই আমি এতে অভিনয় করবো না। যদি তার জন্য কোনো শক্তিশালী চরিত্র থাকে, তাহলে একজন অভিনেতা অবশ্যই কাজটি করবেন।

কংকনা সেন শর্মা

কংকনার ভাষ্যে, বলিউডে নায়কদের প্রভাব বরাবরই বেশি। একই পরিমাণ কাজ করেও বলিউডে সমান পারিশ্রমিক পান না নায়ক-নায়িকারা, তার উপর এই সমস্যা তো আছেই। অনেক ক্ষেত্রে দেখা যায়, সিনেমার মূল চরিত্রের চেয়ে কোনো প্রভাবশালী নায়ক এক ঝলক দেখা দেবেন তা নিয়েই চলে মাতামাতি।