মৈনাকের সঙ্গেই প্রেম করছেন পার্ণো
গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে তাদের প্রেমের গুঞ্জন। কিন্তু বরাবরই তা অস্বীকার করে এসেছেন টালিগঞ্জের নির্মাতা মৈনাক ভৌমিক এবং অভিনেত্রী পার্ণো মিত্র। কিন্তু গণমাধ্যমের চোখ এড়ানো তো সহজ নয়!
দুজনের গল্পের শুরুটা হয় ২০১২ সালে। মৈনাকের সিনেমা ‘বেডরুম'-এ অভিনয় করেছিলেন পার্ণো। সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে, "সিনেমাটির শুটিংয়ের সময় বেশ ভাল বন্ধুত্ব হয় মৈনাক এবং পার্ণোর। তাদের রসায়ন দেখে অনেকেই তাদের নিয়ে দুষ্টুমি করতে ছাড়েননি। এমনকি কেউ কেউ জিজ্ঞেস করে বসেছিলেন, প্রেম করছেন নাকি?"
কিন্তু তখনও প্রেমটা জমে ওঠেনি। ‘মাছ, মিষ্টি অ্যান্ড মোর’- এ একসঙ্গে কাজ করার পর আনুষ্ঠানিকভাবে প্রেম করা শুরু করেন এই জুটি। এরপর মৈনাকের আরো একটি সিনেমায় কাজ করেছেন পার্ণো।
দুজনের ঘনিষ্ঠ সেই সূত্রটি আরো জানায়, তাদের মধ্যে প্রেমের চেয়েও বন্ধুত্বটা জোরালো। যদিও কেউ কাউকে সরাসরি প্রেমের প্রস্তাব দেননি, প্রেমটা হয়ে গেছে। আর তাই জনসম্মুখে হাত ধরে হাঁটতে এখনও সংকোচ বোধ করেন এই জুটি।
২০১৪ সালে টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে অকপটেই নিজের প্রেমের কথা স্বীকার করেছিলেন মৈনাক। বলেছিলেন, "আমি একটি মেয়ের প্রেমে পাগল হয়ে আছি। তবে আমি তার ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না, কারণ তিনি আমাদের প্রেমের খবরটি পুরো বিশ্বকে এখনও জানাতে চান না।"
সেই সাক্ষাৎকারে মৈনাক আরো জানান, গত বছরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। কিন্তু কোনো কারণে শুভ কাজটি এখনও করা হয়ে ওঠেনি।
