২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আরব সন্ত্রাসী' ডাকা হলো প্রিয়াঙ্কাকে

মার্কিন যুক্তরাষ্ট্রে কৈশোরের অনেকটা সময় কাটিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্কুলে বর্ণবাদের শিকার হয়ে ফিরে আসেন ভারতে। টিভি সিরিজ 'কোয়ান্টিকো'র সুবাদে মার্কিন বিনোদন জগতের চেনা মুখ হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা কিন্তু বর্ণ বৈষম্য তার পিছু ছাড়েনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 04:54 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বললেন গায়ের রঙ বাদামী হওয়ার কারণে তাকে 'আরব সন্ত্রাসী' ডাকা হয়েছে। বৃহস্পতিবার রাতের ফুটবল আসরে ফেইথ হিলের পরিবর্তে তার গান বাজানোর পর এই ঘটনা ঘটে।

প্রিয়াঙ্কা বলেন, "ফেইথ হিল যাকে বলা চলে সব দিক থেকেই মার্কিনী, তার জায়গায় হঠাৎ একটা বাদামী বর্ণের মেয়ের গান বাজানো হলো। এনএফএল অসংখ্য ইমেইল পেয়েছে যেখানে বলা হয়েছে, ‘এই আরব সন্ত্রাসীটা কে?' এবং আমাকেও এসব সহ্য করতে হয়েছে।"

প্রিয়াঙ্কা আরো বলেন, "মানুষের এমন আদিম মনোভাবের বিষয়টা আমার হাস্যকর মনে হয়। আমি এ বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম। আমি বললাম, 'প্রত্যেক আরবকে কেন সন্ত্রাসী বলা হচ্ছে এবং আমি বাদামী হওয়ার কারণে কেন আমাকে আরব সন্ত্রাসী ডাকা হচ্ছে?'"

যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে নিজের কৈশোর কাটানো প্রিয়াঙ্কাকে স্কুলে ডাকা হতো 'ব্রাউনি' এবং 'কারি' নামে। এসব সইতে না পেরেই দেশে ফিরে আসেন এই ভারতীয় সুন্দরী।

গত বছর 'কোয়ান্টিকো' টিভি সিরিজ দিয়ে আলোচনায় আসা প্রিয়াঙ্কাকে এবার দেখা যাবে নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ 'বেওয়াচ'- এর বড় পর্দার রিমেইকে। ৩৪ বছর বয়সীয় এই অভিনেত্রীকেকে সিনেমায় খলচরিত্রে অভিনয় করতে দেখা যাবে।