২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে ফিরছেন কাপিল শর্মা

‘কমেডি নাইটস উইথ কাপিল’ শেষ হওয়ার পর যাদের মন ভেঙে গিয়েছিল তাদের জন্য সুখবর। এপ্রিলে আবার পর্দায় ফিরছেন কৌতুকাভিনেতা কাপিল শর্মা। আসছে তার নতুন সিরিজ ‘দ্য কাপিল শর্মা শো’

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 06:34 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

কাপিলের দলের পুরনো সদস্যদের মধ্যে আলি আসগার এবং সুনিল গ্রোভার থাকছেন এ শোতে। অনুষ্ঠানটির প্রথম পর্ব সরাসরি সম্প্রচার করা হবে দিল্লি থেকে। অনুষ্ঠান শুরুর আগে ভারতজুড়ে কয়েকটি শহরে সফর করবেন কাপিল এবং তার দল।

২৩ এপ্রিল থেকে সনি টিভিতে প্রচারিত হবে ‘দ্য কাপিল শর্মা শো’। কলাকুশলীদের মধ্যে আরো থাকবেন কিকু শারদা, নাভজোত সিং সিধু, সুমনা চক্রবর্তী এবং চন্দন প্রভাকর।

এ বিষয়ে সনির ভাইস প্রেসিডেন্ট ড্যানিশ খান বলেন, "এটি একটি পারিবারিক অনুষ্ঠান। আমরা আশা করছি ভারতের সাধারণ পরিবারগুলোর রাতের খাবারের সময়টুকুতে এই অনুষ্ঠানটি নিয়মিত উপভোগ করবেন।"

এর আগে কাপিলের অনুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কাপিল’ প্রচারিত হতো কালার্স চ্যানেলে। কিন্তু সাম্প্রতিক সময়ে কালার্সের সঙ্গে বনিবনা না হওয়ায় অনুষ্ঠানটি ছেড়ে দেন কাপিল।

গত বছর মুক্তি পায় কাপিল অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কিস কিস কো প্যায়ার কারু’। একজন কৌতুকাভিনেতা হিসেবে প্রধান চরিত্রে তার অভিনয় ব্যাপক সমাদৃত হয়েছিল। সিনেমাটি বক্স-অফিসে সফল হয়।