২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স-অফিসে 'নিরজা'র রাজত্ব

নিরজা ভানোতের বীরোচিত আত্মত্যাগ নিয়ে নির্মিত সিনেমা 'নিরজা' এখনও ভারতীয় বক্স-অফিসে ছুটছে সাফল্যের সাথেই। মুক্তির প্রথম সপ্তাহে দারুণ সূচনার পর দ্বিতীয় সপ্তাহেও সে সাফল্য ধরে রাখতে পারছে সিনেমাটি। প্যান অ্যাম সেভেনটি থ্রি বিমান হাইজ্যাকের লোমহর্ষক ঘটনাটিকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা এখন পর্যন্ত আয় করেছে ৩৮ কোটি রুপি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 05:34 PM

Updated : 25 Jul 2022, 09:21 PM

প্রথম সপ্তাহেই ২২ কোটি রুপি আয় করে বাজিমাত করে সিনেমাটি। দর্শক-সমালোচক মহলে তুমুল গ্রহণযোগ্যতা পাওয়ার প্রমাণ দিয়ে সিনেমাটি দ্বিতীয় সপ্তাহের প্রথম তিন দিনেই উঠিয়ে নিয়েছে ১৬ কোটি রুপি। নির্মাতাদের এক বিবৃতি অনুসারে, সিনেমাটি এখন পর্যন্ত ভারতের বাজারে সব মিলিয়ে আয় করেছে ৩৮ কোটি ৪৭ লক্ষ রুপি। ১৯ ফেব্রুয়ারি মাত্র ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২১ কোটি রুপি বাজেটে নির্মিত 'নিরজা'।

সন্ত্রাসীদের হাতে জিম্মি বিমানের যাত্রীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন মাত্র ২৩ বছর বয়সী বিমান কর্মকর্তা নিরজা ভানোত। নিরজার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর তনয়া সোনাম কাপুর, যার অভিনয় পেয়েছে ভূয়সী প্রশংসা।