অস্কার আসরে অবাঞ্ছিত যারা
অস্কার যেন সোনার হরিণ, সবার হাতে সে ধরা দেয় না। কেউ কেউ একবারেই বাজিমাৎ করেন। কেউ আবার বহু বার মনোনীত হয়েও বঞ্চিত হন। এবার এমন কিছু তারকার কথা জেনে নেয়া যাক যারা অস্কার পাননি এ কথা হয়তো স্বপ্নেও ভাবেননি আপনি।
‘ব্লেড রানার', ‘এলিয়েন', ‘গ্ল্যাডিয়েটর'-এর মতো ধ্রুপদী সিনেমার নির্মাতা রিডলি স্কট আন্তজর্াতিক চলচ্চিত্রাঙ্গনে নমস্য হলেও অস্কার আসরে আজ পর্যন্ত সেরার স্বীকৃতি পাননি। অনেকেই ভাবছিলেন ৭৮ বছর বয়সী এই ব্রিটিশ নির্মাতা অবশেষে সেরা নির্মাতার অস্কার পেতে চলেছেন ‘দ্য মার্শান' সিনেমাটির জন্য। কিন্তু ২০১৬ সালের অস্কার আসরে সেরা চলচ্চিত্র এবং সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেলেও সেরা নির্মাতা বিভাগে মনোনীত হয়নি সিনেমাটি।
হলিউডের ইতিহাসে খুবই অভিনব একটি রেকর্ড আছে এই তারকার। সিজরনি উইভারই প্রথম অভিনেত্রী যিনি একই বছরে দুটি সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জিতে নিয়েছিলেন দুটি গোল্ডেন গ্লোব। 'গরিলাজ ইন দ্য মিস্ট' এবং 'ওয়ার্কিং গার্ল' সিনেমার জন্য ১৯৮৮ সালে পেয়েছিলেন অস্কারে দুটি মনোনয়নও। গোল্ডেন গ্লোব তাকে সাদরে বরণ করলেও অস্কারটি অধরাই থেকে যায় তার। ক্যারিয়ারে মোট তিনবার মনোনয়ন পাওয়া ৬৬ বছর বয়সী এই অভিনেত্রী প্রথম মনোনয়ন পেয়েছিলেন 'এলিয়েন' সিনেমার জন্য ১৯৮৬ সালে। মালর্ি মাটর্িনের কাছে হেরে গিয়েছিলেন সেবার।
হতেই পারে তিনি হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা, কিন্তু তার মানে এই নয় যে তার অস্কার ভাগ্যও সুপ্রসন্ন। রবার্ট ডাউনি জুনিয়র মনোনয়ন পেয়েছেন দুবার, ১৯৯৩ সাল 'চ্যাপলিন' সিনেমায় চার্লি চ্যাপলিনের চরিত্রে এবং ২০০৮ সালে 'ট্রপিক থান্ডার' এ কার্ক ল্যাজারাসের চরিত্রে অভিনয়ের জন্য। বৈচিত্রময় সব চরিত্রে অভিনয়ে সিদ্ধহস্ত ডাউনির কপালে একবারও জোটেনি অস্কার। ১৯৯৩ সালে সেরা অভিনেতার পুরস্কারটা জিতে নেন আল পাচিনো 'সেন্ট অফ আ উইম্যান' এর জন্য। আর ২০০৮ সালের অস্কারটা তো লেখাই ছিল প্রয়াত জোকার হিথ লেজারের নামে।
অস্কারের মঞ্চে সবচেয়ে বড় হতভাগা পিটার ও'টুলকেই বলতে হবে। আটবার মনোনয়ন পেয়েছেন তিনি। কিন্তু একবারও অস্কার হাতে তোলার সৌভাগ্য হয়নি তার। অ্যাকাডেমি বোর্ড যেন কিছুটা বিব্রত বোধ করেই এই তারকাকে ২০০৩ সালে দিতে চেয়েছিল একটি সম্মানসূচক অস্কার। কিন্তু তিনি তা প্রত্যাখান করেন সরাসরি। বলেন, "আমি এখনও এই খেলায় আছি এবং যে কোনো মুহূর্তেই আমি এই দারুণ পুরস্কারটি জিততে পারি। অস্কার বোর্ড কি আমার আশি বছর বয়স হওয়ার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত ঝুলিয়ে রাখবে?" পরে অবশ্য তিনি এই অস্কার গ্রহণ করেন এবংআক্ষেপের সুরে বলেন, "সব সময়ই গৃহপরিচারিকা রয়ে গেলাম। বধূ হবার সৌভাগ্য, সে তো আমার মুণ্ডু"! ৮১ বছর বয়সে ২০১৩ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই তারকা।
অস্কার আসরে আরো এক অভাগা হলেন অভিনেতা রিচার্ড বার্টন, যিনি সাতবার মনোনয়ন পেয়েও অস্কার পাননি। তিনি প্রথম মনোনয়ন পেয়েছিলেন ১৯৫২ সালে 'মাই কাজিন রেইচেল' সিনেমার জন্য। শেষবারেরটা পেয়েছিলেন ১৯৭৭ সালে 'ইকুস' সিনেমাটির জন্য। টনি, বাফটা, গোল্ডেন গ্লোব - সব পুরস্কারই একবার না একবার ঘরে তুলেছেন। ১৯৮৪ সালে ৫৮ বছর বয়সে মারা যাবার আগে আর অস্কার জেতা হয়নি তার।
দীর্ঘ ক্যারিয়ারে মনোনয়ন পেয়েছেন ছয় বার। এর মধ্যে পরপর তিন বছর আর দুবছর মনোনয়ন পান অভিনেত্রী গ্লেন ক্লোজ। ১৯৮২ থেকে শুরু করে ১৯৮৪ সাল পর্যন্ত পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান 'দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গ্র্যাপ', 'দ্য বিগ চিল' আর 'দ্য ন্যাচারাল' এর জন্য। আর ১৯৮৭ ও ৮৮ সালে মিলেছিল 'ফ্যাটাল অ্যাট্রাকশন' আর 'ডেঞ্জারাস লায়াসন্স' সিনেমার জন্য। ৬৮ বছর বয়সী এই অভিনেত্রীর ঝুলিতে রয়েছে তিনটি এমি এবং তিনটি টনি, কিন্তু অস্কার না পেলে সাফল্য কি পূর্ণতা পায়? সবশেষ ২০১১ সালে 'অ্যালবার্ট নবস' সিনেমার জন্য মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু ভাগ্যের শিঁকে ছেড়ে নি।
স্পাইক লি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন ১৯৮৩ সাল থেকে। ৩৫টি সিনেমা মুক্তি পেয়েছে তার প্রযোজনায়। প্রথাবিরোধী সিনেমা 'ডু দ্য রাইট থিং' আর ডকু ফিচার 'ফোর লিটল গার্লস'- এর জন্য মনোনয়ন পেয়েছেন মোট দুবার। কিন্তু অস্কারের মঞ্চে বিজয়ীর বেশে ওঠা হয়নি। অবশ্য গতবারই মিলেছে সম্মানসূচক অস্কার। কিন্তু অস্কারে বর্ণবাদ বিতর্কের প্রতিবাদে এ বছরের আসরটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ৫৮ বছর বয়সী স্পাইক লি।
পুরো দুনিয়ায় যাকে নির্দ্বিধায় মানা হয় সেরাদের সেরা পরিচালক হিসেবে, সেই আলফ্রেড হিচককও অবহেলিত অস্কারের মঞ্চে। পাঁচবার মনোনয়ন পেলেও 'মাস্টার অফ সাসপেন্স' আশি বছর বয়সে মারা যান অস্কার জয়ের স্বাদ না নিয়েই। তার 'রেবেকা' সিনেমাটি বাগিয়েছিল এগারোটি মনোনয়ন, জিতেছিল সেরা সিনেমার পুরস্কার। তার অনবদ্য সিনেমা 'সাইকো'র জন্যও পরিচালক হিসেবে কোনো স্বীকৃতি পাননি। গোল্ডেন গ্লোব দুটি, পাঁচটি আজীবন সম্মাননা আর রানী এলিজাবেথের কাছ থেকে নাইট উপাধি লাভ করেছেন। কিন্তু হিচককের সাফল্যের আলমারি অস্কারশূন্যই থেকে গেছে ।
অদ্ভুতুড়ে তার সিনেমা নির্মাণের ধরন আর তার সিনেমাগুলোও। টিম বার্টন তার ক্যারিয়ারে বৈচিত্র্যময় কাজ কম করেননি, গোল্ডেন গ্লোব আর প্রোডিউসারস গিল্ড অ্যাওয়ার্ড ছাড়া তার স্বীকৃতির ঝুলি খালিই বলা চলে। অস্কারের মঞ্চে মনোনয়ন পেয়েছিলেন অ্যানিমেশন ফিচার 'কর্পস ব্রাইড' এবং 'ফ্র্যাঙ্কেনউইনি' সিনেমা দুটির জন্য। দুবারই নিরাশ হয়ে ফিরতে হয়েছে ৫৭ বছর বয়সী এই দুর্দান্ত পরিচালককে।
অস্কারের মঞ্চে অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনবার মনোনয়ন জিতেছেন ৫২ বছর বয়সী ডেপ। 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল', 'ফাইন্ডিং নেভারল্যান্ড' আর 'সুইনি টড: দ্য ডিমন বারবার অফ ফ্লিট স্ট্রিট' এর জন্য মনোনয়ন পেলেও খালি হাতেই ঘরে ফিরতে হয়েছে। অনেকেই ধারণা করছিলেন, গত বছর তার অভিনীত 'ব্ল্যাক ম্যাস' সিনেমাটির জেমস 'ওয়াইটি' বালগার চরিত্রটির জন্য অস্কার আসরে স্বীকৃত হবেন ডেপ। কিন্তু সে আশার গুড়েও বালি পড়েছে।
৪১ বছর বয়সী লিওনার্দো ডি ক্যাপ্রিও হয়তো এবার এই তালিকা থেকে বেরিয়ে যেতে পারবেন। 'দ্য রেভনেন্ট' সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য দর্শকরা পারলে এখনই অ্যাকাডেমির কাছ থেকে একটি অস্কার কেড়ে নিয়ে তাকে দিয়ে দিতেন। 'ওয়াটস ইটিং গিলবার্ট গ্রেইপ' এর জন্য প্রথমবার মনোনয়ন পেয়েছিলেন। এরপর বহুবার হাতছানি দিয়েও অধরাই রয়ে গেছে অস্কার।
