কেমন হবে প্রিতির বিয়ে?
ফেব্রুয়ারিতে না হলেও, মার্চ কিংবা এপ্রিলেই গাঁটছড়া বাঁধবেন বলিউড অভিনেত্রী প্রিতি জিনটা।
ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, লস এঞ্জেলেসে খ্রিস্ট ধর্ম মতে বিয়ে হবে প্রিতি এবং তার মার্কিন প্রেমিক জিনি গুডএনাফের। এরপর মুম্বাইয়ে হবে রাজপুত রীতিতে বিলাসবহুল বিবাহোত্তর সংবর্ধনা।
প্রিতির হবু বড় গুডএনাফ পেশায় একজন আর্থিক বিশ্লেষক, থাকেন লস এঞ্জেলেসে। বলা হচ্ছে, কয়েক বছর আগে মার্কিন মুল্লুকে প্রিতির ঘন ঘন যাতায়াতের সময়ই তার সঙ্গে পরিচয়।
সূত্র বলছে, নিজেদের সম্পর্কের ব্যাপারে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে চেয়েছেন প্রিতি এবং জিনি। এ বছরের মার্চ কিংবা এপ্রিলেই বিয়ে করবেন তারা। লস এঞ্জেলসে ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে হবে তাদের বিয়ে।
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিতি অভিনয় করেছেন শাহরুখ, সালমানসহ প্রথম সারির অনেক শিল্পীর সঙ্গে। সালমান, শাহরুখের সঙ্গে আজও ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় রেখেছেন তিনি।
