অবশেষে স্নাতক হলেন শাহরুখ
বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়েছেন প্রায় ২৮ বছর আগে। কিন্তু এতদিন পর পেলেন নিজেকে স্নাতক ডিগ্রিধারী বলার অধিকার। মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের হান্সরাজ কলেজ থেকে স্নাতক হিসেবে স্বীকৃতি পেলেন শাহরুখ খান।
কলেজের অধ্যক্ষ রামা শর্মার হাত থেকে দীর্ঘ প্রতীক্ষিত সম্মাননাটি গ্রহণ করেন শাহরুখ। কৈশোর দিল্লির ছেলে শাহরুখ হান্সরাজ কলেজের অর্থনীতি বিভাগের একজন ছাত্র ছিলেন।
শাহরুখকে এক ঝলক দেখার জন্য কলেজ প্রাঙ্গনে হাজার হয়েছিলেন হাজার হাজার মানুষ। সেখানেই শাহরুখ নিজের পরবর্তী সিনেমা 'ফ্যান'-এর টাইটেল গান প্রকাশ করেন।
দীর্ঘ ২৫ বছর ধরে অবস্থান করছেন মুম্বাইতে। কিন্তু দিল্লির প্রতি আকর্ষণ একদমই কমেনি বলে জানান শাহরুখ। নিজের কলেজে এমন সমাদর পেয়ে মুগ্ধ শাহরুখ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তার টুইটে, "কি অসাধারণ একটি দিন! আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এবং শিক্ষকমণ্ডলীকে ধন্যবাদ। যারা এই স্মরণীয় মুহূর্তের সঙ্গে জড়িয়ে ছিলেন তাদের সকলের প্রতি আমার ভালোবাসা"।
নিজের ছাত্রজীবনে ফিরে যাবার বিষয়টি নিয়ে বলেন,"'ফ্যান' আমাকে আজ দিল্লিতে ফিরিয়ে এনেছে, আমার যৌবন এবং আমার কলেজেও। ইয়াশ রাজ ফিল্মস এবং মানিশকে ধন্যবাদ। দারুণ মজা হয়েছে"।
