শুভ-তিশা কাঁপাবেন টেকনাফ থেকে দিল্লী!
খুব দ্রুত পাল্টে যাচ্ছে ঢাকাই বাণিজ্যিক সিনেমার দৃশ্যপট। আর সে পাল্টে যাওয়া দৃশ্যপটেরই যেন চিহ্ণবাহী ‘অস্তিত্ব' সিনেমার ট্রেইলারটি। শুভ-তিশা জুটির প্রথম সিনেমা নিয়ে দর্শক মহলে আগ্রহ তৈরি হয়েছিল আগেই। এ ট্রেইলার দেখে আগ্রহের মাত্রা বাড়বে বই কমবে না।
ট্রেইলার না আইটেম গান - এ দ্বন্দ্বে দর্শক পড়তেই পারেন মূলত গানের আদলে তৈরি ট্রেইলারটি দেখে। তবে যারা বাংলাদেশ বেতারে মাজহারুল ইসলামের কণ্ঠে বাংলা সিনেমার বিজ্ঞাপন শুনেছেন তারা গানটির শুরুতেই খুঁজে পাবেন সেই চেনা কণ্ঠ। পুরোনো সেই ভঙ্গিতে তিনি ‘অস্তিত্ব' সিনেমার আগমনীর ঘোষণা দেন, সেই সঙ্গে জানিয়ে দেন সিনেমাটির নায়ক আরেফিন শুভ। আর তখনই পর্দায় আবির্ভূত হন শুভ, জানিয়ে দেন দেশ-বিদেশ মাতাতে আসছেন তিনি। আবারও মাজহারুল ইসলামের কণ্ঠ, শোনা যায় তিশার কথা। মিষ্টি মেয়ে তিশাও এবার অনন্য নাচের মুদ্রায় মন কাড়েন। হাসির জাদুতে ভুলিয়ে বলেন দর্শক মাতাতে আসছেন তিনিও।
‘আমি শুধু চেয়েছি তোমায়' নির্মাতা অনন্য মামুন তার নুতন সিনেমার গান ও ট্রেইলারটির মাধ্যমে নতুন কিছু উপহার দেয়ারই আভাস দিয়েছেন। ট্রেইলারে শুভ-তিশার রসায়ন ছিল চোখে পড়ার মতো। নৃত্য নির্দেশনা ও চিত্র গ্রহণের দিক থেকেও মুন্সীয়ানার পরিচয় পাওয়া গেছে।
‘অস্তিত্ব’র শুটিং শুরু হয় গেল বছরের সেপ্টেম্বরে। সিলেট, ঢাকা, ভোলা ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে সিনেমাটি। কার্লোস সালেহের গল্পে ‘অস্তিত্ব’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনন্য মামুন, কার্লোস সালেহ ও সোমেশ্বর অলি।
ছোট পর্দার নিয়মিত মুখ তিশাকে মোস্তফা সরওয়ার ফারুকীর 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার', 'টেলিভিশন' - এর মতো সিনেমায় দেখা গেছে, মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের বিপরীতে 'মেন্টাল' সিনেমাটি। ছোট পর্দা থেকে বড় পর্দার নিয়মিত মুখ হয়ে ওঠা শুভ শেষ অভিনয় করেন ২০১৫ সালের ব্যবসাসফল সিনেমা ‘ছূয়ে দিলে মন’-এ, আশিকুর রহমান পরিচালতি ‘মুফাফির’ রয়েছে মুক্তির প্রতীক্ষায়।
