২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্ম পদকে ভূষিত রজনিকান্ত, প্রিয়াঙ্কা, অজয়

ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পদক এবার দেয়া হবে নয় জন চলচ্চিত্রশিল্পীকে। রজনিকান্তসহ এই তালিকায় রয়েছেন অজয় দেবগন এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 05:32 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

দক্ষিণী অভিনেতা রজনিকান্ত পাবেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পদ্মবিভূষণ পদক। চার দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা হিসেবে সমাদৃত হয়ে আসছেন রজনিকান্ত। এ প্রাপ্তিতে টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি  এবং ধন্যবাদ জানান ভক্তদের। লেখেন, "পদ্মবিভূষণ পুরস্কার পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। আমার সব ভক্ত, শুভানুধ্যায়ী এবং বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ।"

পদ্মভূষণ পদকের জন্য নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের এবং গায়ক উদিত নারায়ণ। এছাড়া পদ্মশ্রী পদক তুলে দেয়া হবে অভিনেতা অজয় দেবগন, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, পরিচালক নিলা মাধব পান্ডা, এসএস রাজামৌলি এবং মাধুর ভান্ডারকরের হাতে। সদ্য প্রয়াত অভিনেতা সায়িদ জাফরিকেও দেয়া হবে পদ্মশ্রী পদক।

স্ত্রী কাজলের পর এ বছর পদ্মশ্রী ঘরে তুলবেন অজয়। ভারতীয় দৈনিক মিডডেকে তিনি বলেন, "আমি খুবই সম্মানিত বোধ করছি আমার দেশের এতো বড় একটি পুরস্কার অর্জন করতে পেরে। ব্যাপারটি আমার জন্য আরো গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে কারণ আমি এখন শুটিংয়ের কাজে দেশের বাইরে আছি। আমি সর্বাত্মক চেষ্টা করবো এই সম্মান ধরে রাখতে এবং এভাবেই দেশের সেবা করতে।"

ওদিকে মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র শুটিং-এ দেশের বাইরে আছেন প্রিয়াঙ্কাও। তিনি জানান, সেনা পরিবারের মেয়ে হিসেবে এ সম্মাননা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ।