২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার বয়কট করলেন উইল স্মিথ

একাডেমি অ্যাওয়ার্ডের এবারের আসরের মনোনয়নেও দেখা গেছে সাদাদের আধিপত্য। একটি মনোনয়নও জোটেনি ভিন্ন বর্ণের শিল্পীর কপালে। প্রতিবাদস্বরূপ ইতোমধ্যেই এবারের অস্কার বয়কট করার ঘোষণা দিয়েছেন কয়েকজন কৃষ্ণাঙ্গ অভিনেতা। সেই দলে সম্প্রতি নাম লেখালেন উইল স্মিথ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 06:57 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

দ্বিতীয়বারের মতো শুধুমাত্র শ্বেতাঙ্গ শিল্পীদের মনোনীত করেছে মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স পরিষদ। ২০টি বিভাগের একটিতেও কোন ভিন্ন বর্ণের শিল্পীর স্থান হয়নি। মনোনয়ন প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক হৈ চৈ। এবারের মনোনয়ন তালিকাকে বর্ণবাদী বলেও আখ্যা দিয়েছেন কেউ কেউ।

বলা হচ্ছে, মার্কিন চলচ্চিত্রাঙ্গনের সর্বোচ্চ এই সম্মাননা থেকে নিজেদের বঞ্চিত মনে করছেন ভিন্ন বর্ণের শিল্পীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ভাসছে ‘#অস্কারসোওয়াইট’ হ্যাশট্যাগের জোয়ারে।

পরিচালক স্পাইক লিসহ অস্কার বয়কটকারী তারকাদের দলে আগেই নাম লিখিয়েছিলেন উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথ। এবার স্ত্রীর দেখানো পথে পা বাড়ালেন উইল স্মিথও।

ক্যারিয়ারে দুবার অস্কার মনোনয়ন পাওয়া উইলের তার নতুন সিনেমা ‘কনকাশন’-এর জন্য মনোনয়ন না পাওয়ার বিষয়টি পক্ষপাতিত্ব হিসেবেই দেখছেন অনেকে।

উইলের ভাষ্যে, বর্ণবৈচিত্র্য মার্কিন সমাজের অন্যতম বড় সম্পদ আর চলচিত্রাঙ্গনেও তার প্রতিফলন হওয়া উচিত।

গুডমর্নিং আমেরিকা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, "এই মনোনয়ন একাডেমির ভাবমূর্তিকে প্রতিনিধিত্ব করে। একাডেমি প্রতিনিধিত্ব করে হলিউডের, আর হলিউড প্রতিফলন ঘটায় গোটা আমেরিকার। এই ধরনের বৈষম্য, বর্ণবাদ, এবং সামাজিক ভেদাভেদ কখনও কোনো সুফল বয়ে আনে না।"

২০১২ সালে ‘টুয়েলভ ইয়ার্স এ স্লেভ’-এ অভিনয় করে পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলেন মেক্সিকান-কেনিয়ান অভিনেত্রী লুপিতা নিয়ঙ্গ। ইন্সটাগ্রামে সম্প্রতি প্রতিবাদ জানান তিনিও।

হলিউড সামনের দিকে এগিয়ে যাওয়ার বদলে আরো পিছিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অভিনেতা জর্জ ক্লুনি। ওদিকে ভ্যারাইটি ম্যাগাজিন বলছে, মনোনয়ন নিয়ে সমালোচনা হওয়ার পর পুরো বিষয়টি আবার বিবেচনা করতে শিগগিরই বসবে একাডেমি পরিষদ।