'বিনোদন নয়, জ্ঞান দান নয়, লক্ষ্য লগ্নি ফেরত আনা'
মার্কো অরসিনি - মোনাকোর এই তরুণ একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। তার চেয়ে বড় কথা হলো, তিনি আরো তরুণদের জন্য চলচ্চিত্র নির্মাণের উপযুক্ত ক্ষেত্র তৈরিতে আত্মনিয়োগ করেছেন ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে।
সংগঠনটির মূল লক্ষ্য সিনেমায় বিনিয়োগ করা অর্থ যাতে পকেটে পুরতে পারেন লগ্নিকারীরা।ইথিওপিয়ায় দশ বছর কাজ করে সংস্থার প্রেসিডেন্ট হিসেবে পাঁচ নির্মাতাকে পৌছে দিয়েছেন কান চলচ্চিত্র উৎসবের মূল আসরে। এবার একই স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে এসেছেন ঢাকায়। গ্লিটজের কাছে সবিস্তারে বললেন তার পরিকল্পনা।
গ্লিটজ: আমরা জানতে পারলাম, ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ) পরিকল্পনা করছে বাংলাদেশে চলচ্চিত্র বিষয়ক কর্মকাণ্ডে সহযোগিতা করার। কী করতে চাইছেন আপনারা?
মার্কো অরসিনি: আমাদের সংগঠনটি মোনাকোভিত্তিক, তবে ইথিওপিয়াতে আমরা প্রচুর কাজ করেছি। আমার ঢাকা আসার কারণ, বাংলাদেশের বিশাল অংশের দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা বাড়ানো। চলচ্চিত্র নির্মাতাদের সহায়তা করার উদ্যোগের বিষয়ে আমি ২০১৪ সাল থেকে সামিয়া জামানের সঙ্গে কথা বলছি। আমাদের প্রথম লক্ষ্য, বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের ঢাকার বাইরে সিনেমা বিক্রিতে উৎসাহ দেওয়া। তারা তাদের সিনেমা যুক্তরাষ্ট্র বা ইউরোপ, দক্ষিণ আমেরিকা বা মধ্যপ্রাচ্যে বিক্রি করতে পারে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের সঙ্গে পরিবেশক, বিক্রয় প্রতিষ্ঠান, প্রযোজকদের যোগাযোগ করিয়ে দেয়া। তারা হয়তো যৌথ প্রযোজনার মতো সিদ্ধান্ত নিতে পারে, উৎসবগুলোর অংশ হতে পারে। তাদেরকে উৎসবগুলোর নানা রকমফেরের সঙ্গে মানিয়ে নিতে সহযোগিতা করা। মোট কথা, একটি উৎসব থেকে যাতে সম্ভাব্য সর্বোচ্চ ফলাফল পাওয়া যায় সে ব্যাপারে সহায়তা করা।
গ্লিটজ: এই নির্মাতাদের সিনেমাগুলো কি ‘শুধু উৎসবের জন্য’, বৃদ্ধিবৃত্তিক শ্রেণিনির্ভর নাকি সাধারণ মানুষেরও বিনোদনের খোরাক যোগাবে?
গ্লিটজ: এখানে প্রচুর উদাহরণ আছে, স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা জীবনঘনিষ্ট গল্প পর্দায় তুলে ধরতে চাইলে অথবা গতানুগতিকের বাইরে যেতে চাইলেই এই ধরনের সিনেমার গায়ে ‘বুদ্ধিবৃত্তিক সিনেমা’র তকমা এঁটে দেয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা বিনোদনমূলক চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন, এর সম্ভাবনা কতোটুকু?
মার্কো অরসিনি: একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতাকে বিনোদন দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। মুখ্য হলো, একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা কতোটা অর্থ উপার্জন করতে পারলেন। কারণ বর্তমান সময়ে একজন চলচ্চিত্র নির্মাতা বেঁচে আছেন অনুদান ও আস্থার ওপর। আপনারা জানেন, সিনেমার জন্য সংগ্রাম আপনাকে উৎসবে নিয়ে যাচ্ছে, উৎসব আপনাকে অর্থ দিচ্ছে আরেকটা চিত্রনাট্য লেখার জন্য। আপনি আরেকটা চিত্রনাট্য লিখছেন বছর দুই সময় নিয়ে, এরপর আবার আবেদন করছেন অনুদানের জন্য। এরপর শুটিং করছেন, সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন, চলচ্চিত্র উৎসব গুলোতে যাচ্ছেন - এটাকে সিনেমা বানানো বলে না। বেঁচে থাকা বলে না। সত্যি আপনি সিনেমা বানাচ্ছেন, কিন্তু আপনি কি জীবিত? না। আপনি শুধু অনুদানের ওপর নির্ভর করে বেঁচে থাকতে পারেন না। এই পরিস্থিতি পাল্টাবো কি করে, স্বাধীন চলচ্চিত্রকে লাভজনক করবো কি করে। এটা বের করাই হলো লক্ষ্য। আমি একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং আমার লক্ষ্য আমার সিনেমা মুনাফা আনবে। আমার কোনো সিনেমায় চারটি গান এবং পাঁচটি মারামারির দৃশ্য নেই। আমি সেজন্য সিনেমা বানাই না, কিন্তু আমার সিনেমা আর্ন্তজাতিক বাজারে বিক্রি হয়। এখানকার সিনেমাগুলো আর্ন্তজাতিকভাবে বিক্রি হবে না কেনো? এখানকার মানুষ স্বাধীন চলচ্চিত্র দেখতে চায়, একইভাবে এখানে এমনও দর্শক আছেন যারা বলিউডি সিনেমা দেখতে চান। এখানে সব সিনেমারই জায়গা আছে। এখানে দুই ধারার সিনেমারই জায়গা হবে, কিন্তু জায়গা হবে না মন্দভাবে নির্মিত সিনেমার। যতোই একঘেঁয়ে হয়ে যাক, তবু মন্দভাবে সিনেমা নির্মাণের দরকার নেই এবং সেটি বলিউডই হোক বা স্বাধীন সিনেমা, এমন সিনেমা দেখা মাত্র প্রেক্ষাগৃহ থেকে তুলে ফেলুন। ওই সিনেমা দেখানোর কোনো প্রয়োজন নেই। সেটিকে আলাদা করে ফেলুন সেইসব সিনেমা থেকে যেটি দেখার কোনো মূল্য আছে।
গ্লিটজ: কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে আপনাদের দৃশ্যমান সম্পর্ক আছে। দুই সংগঠনের মধ্যে সেই সম্পর্কটা কেমন?
মার্কো অরসিনি: ঘনিষ্টতার মূল কারণ হলো ভৌগলিক নৈকট্য। আমাদের সংগঠন মোনাকোভিত্তিক, যেখান থেকে কানের দূরত্ব মাত্র ১৪ মিনিট। আমি একজন চলচ্চিত্র নির্মাতা। আমার সিনেমা নিয়ে সানডান্স ফিল্ম ফেস্টিভাল, ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভালে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। কান ও বার্লিন চলচ্চিত্র উৎসবে আমি পনেরো বছর ধরে যাচ্ছি। এই কারণে আমি সিনেমার বাজারটা ভালো করেই জানি। আমি জানি সেখানে কারা সিনেমা নিয়ে যায়। পুরস্কার পাওয়া লোকজনদের চিনি। উৎসবের অধিকাংশ সংগঠকদেরও চিনি। আমরা কানের সঙ্গে সরাসরি যুক্ত না, কিংবা তারা কোনো রকমের স্পন্সরও না আমাদের। আমরা অনান্য সংগঠনের মতোই, যাদেরকে কানের স্বপ্ন ব্যস্ত রাখে। অন্যান্য সংগঠনের মতোই আমরাও শুধু উৎসবের প্রচার করতে চাই, যাতে আমরা এভাবে আরো অনেক উৎসবের জন্য কাজ করতে পারি। কিন্তু কানকে কাজের ক্ষেত্র হিসেবে বেছে নেওয়ার কারণ বিশ্বের চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি উৎসব। এটা যেহেতু ইউরোপে, তাই আমি বলবো এশিয়ান ও আফ্রিকান অঞ্চলের উন্নয়নে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এখান থেকে প্রচুর লোক যায় সেখানে; ভারত ও চীনের বিশাল বাজার সেখানে। আমি কানের চেনা গণ্ডির মধ্যেই বসবাস করি, এটা আমার জন্য সবচেয়ে কাছের উৎসব। কোনো যানজট ছাড়াই আমি গাড়ি চালিয়ে মাত্র চৌদ্দ মিনিটে সেখানে পৌছাতে পারি।
গ্লিটজ: শুনলাম আপনি আমাদের চলচ্চিত্র নির্মাতা ও ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে কথা বলেছেন?
মার্কো অরসিনি: হ্যাঁ।
গ্লিটজ: আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে এখন আপনার দৃষ্টিভঙ্গি কেমন?
মার্কো অরসিনি: আপনাদের এখানে বিপুল প্রতিভা দেখে আমি ভীষণ অবাক হয়েছি এবং তাদের চলচ্চিত্র নির্মাণের ক্ষমতা বা সামর্থ্য যথেষ্ট রয়েছে এটা আগাম স্বীকার করে নিচ্ছি। আমার মনে হয় বাংলাদেশি চলচ্চিত্রের পরিস্থিতি ও বাস্তবতা কিছুটা ভিন্ন। ভেবেছিলাম আমি হয়তো সম্পূর্ণ অপেশাদারী কিছু দেখতে চলেছি এবং আসলে কারিগরি দিক বিবেচনায় এ ধরনের কথা বলা নিম্ন মানসিকতা প্রসূত। দক্ষিণ এশিয়ার বাজারকে সবাই এড়িয়ে যাচ্ছে কেন তা আমি বুঝি, কারণ আমি নিজেও বাংলাদেশকে পর্যটকদের জন্য আর্কষণীয় বিবেচনা করতে পারি না। প্রথমত মানুষ এখানে পর্যটক হিসেবে আসবেন না, দ্বিতীয়ত পশ্চিমা গনমাধ্যম বাংলাদেশকে নেতিবাচক করে উপস্থাপন করে চলেছে আর এই গল্প বদলানো যাবে না। তারপরও মানুষ এখান থেকে চলচ্চিত্র নির্মাণ শুরু করতে পারে এবং অর্থ উপার্জনও। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা অবস্থার বদল ঘটাতে শুরু করেছি এবং দেখা যাক কি হয়।
গ্লিটজ: আপনারা ইথিওপিয়ায় কিছু কাজ করেছেন, সেটি কি ধরনের?
মার্কো অরসিনি: আমরা ইথিওপিয়ায় গেছি, কারণ দেশটিকে ডাকা হয় ‘হর্ন অফ আফ্রিকা’। এর অবস্থান সুদান, সোমালিয়া, ইরিত্রিয়া - এই তিন দেশের ঠিক মাঝখানে। তিনটি দেশেই গৃহযুদ্ধ চলছে এবং তারা সুষ্ঠু জীবন যাপন করতে পারছে না। আমি বলছি না ইথিওপিয়ায় প্রকৃত গণতন্ত্র আছে, কিন্তু সেখানে গণতন্ত্র আছে এবং নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে তেমন শক্তিশালী কোনো ব্যক্তিত্ব নেই, যিনি দেশটির দায়িত্ব নিতে পারেন। তাই সরকারও নির্দিষ্ট কতোগুলো মানদণ্ড স্থির করেছে, যার ফলে কিছুটা হলেও গণতন্ত্র বেঁচে আছে। এর মধ্যে অন্যতম হলো বাক স্বাধীনতা। আমরা আপনাদের সবার কাছেই যাচ্ছি, কারণ বাক স্বাধীনতা বা এই জাতীয় স্বাধীনতার ক্ষেত্রে আবশ্যিক হয়ে পরছে সেন্সরশিপ, সব সরকারেরই সেন্সরশিপ আছে। আমি একা নই, আমার মনে হয় এই গ্রহের প্রত্যেক উদার মানসিকতার মানুষই মনে করেন গণতন্ত্র নিয়মিত পরিচর্যার মধ্যে রাখতে হয়, এর ফলেই গণতন্ত্র বেঁচে থাকতে পারে। আপনার একটি উদার চলচ্চিত্র বাজার দরকার, কারণ এটি একটি দেশের ভেতরে নতুন কিছু করার মিনতি জানাচ্ছে। আবেদনটি এমন একজন তুলছেন, যিনি জানেন কিভাবে ক্যামেরার মাধ্যমে চিত্রকে ধারণ করতে হয়। তাই, জনগণের জন্য নির্মিত জনগণের তৈরি চলচ্চিত্র একটি দেশের সৎ থাকার সহায়ক। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির অন্যায়ে আপনি যদি সোচ্চার হন, তবেই সুযোগ তৈরি হয় প্রতিকার করার। তাই আমরা ইথিওপিয়ায় গেছি। সেখানকার সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ, সক্রিয় মুসলিম-খ্রিস্টান সম্প্রদায়ের কারণে ধর্মীয়ভাবে বৈচিত্র্যময়, এর সঙ্গে আছেন ইহুদিরা। তাদের আছে মানসম্পন্ন শিক্ষিত জনসংখ্যা। তাদের অর্থনীতিও উদীয়মান এবং ক্রমবর্ধমান। প্রচুর বিনিয়োগ হচ্ছে সেখানে। আমরা মনে করছি, এইটাই আসল সময় ইথিওপিয়ার, যে দেশটি হাজার বছর ধরে বিচ্ছিন্ন হয়ে ছিল। তাই সেখানে সব ধরণের ইতিবাচক উপাদান রয়েছে এবং আমরা খুঁজে দেখলাম কিছু অসাধারণ চলচ্চিত্র নির্মাতা সৃষ্টি করছেন অসাধারণ সব গল্প! সেখানে দশ বছরে আমরা ৪৫ জন চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করেছি। তাই আমি খুব আশাবাদী। আমরা খুব বেশি নির্মাতার সঙ্গে কাজ করিনি, মাত্র কয়েকজনকে বেছে নিয়েছিলাম এবং তাদের সঙ্গেই বেশ কয়েকটি বছর কাজ করলাম। শেষে আমরা কানের বাৎসরিক উৎসবে অংশ নিলাম। এর মাধ্যমে ২০১৪ সালে আমরা পেলাম পাঁচজন চলচ্চিত্র নির্মাতা, যাদের চারজন নারী। আমরা তাদের নিয়ে প্রথমেই আবেদন প্রক্রিয়ায় গেলাম। নিয়ম হলো, নূন্যতম একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থাকতে হবে, যেটি আপনি প্রযোজনা ও পরিচালনা করেছেন এবং চলচ্চিত্র উৎসব বা স্থানীয় পরিবেশকের মাধ্যমে বিভিন্নভাবে সাধারণ দর্শকের সামনে প্রদর্শন করেছেন। দ্বিতীয়ত, আপনি অবশ্যই একটি নির্মানাধীন প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবেন, যা আপনি দেখাতে ইচ্ছুক। আমরা শেখাবো, কিভাবে দেখাতে হবে। এরপর সিনেমাটি শেষ করবো আমরা এবং শেখাবো কিভাবে বিক্রি করতে হবে সেটি। চলচ্চিত্র নির্মাণ করার পদ্ধতি আমরা সবাই জানি, এগুলো সব একই রকম। কিন্তু এরপর আর কি? আমাদের সিনেমা নিয়ে কি করবো এরপর? আপনার চলচ্চিত্র উতরানোর জন্য এই যথেষ্ট নয়, এটি আপনাকে বিক্রি করতে হবে। আপনাকে অবশ্যই আপনার অর্থ ফেরত আনতে হবে। এখন সেটি কিভাবে করবেন আপনি?
যে পাঁচ জনকে আমরা পেয়েছিলাম, তাদের তিন জনকে শেষ ধাপে নিয়ে গেছি আমরা। এদের মধ্যে দুজন সিনেমার কাজ শেষ করেছে। দিনশেষে একটি সিনেমা হয়তো আমাদের ভালো লাগতে পারে কিন্তু আরেকজনের নাও ভালো লাগতে পারে। আপনি যখন সেটা পারবেন না, আমরা বলবো নীরবতা ভাঙার মতো এবার যথেষ্ট হলো না। যদি কেউ ফান্ড দিতে রাজি না হয়, তাহলে অর্থের যোগান হলো না, এই তো! এখানেই শেষ, তবে আমাদের চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি। আপনারা জানেন, আরো একটা প্রকল্প শুরু করতে হবে আমাদের। দুটি সিনেমায় ফান্ড দিয়েছি এবং শেষ করেছি। এই দুটি দেখানো হয়েছে ভেনিস ও টরেন্টোর আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে। এখন তারা নতুন কাজে হাত দিয়েছে। এই হলো ইথিওপিয়ান চলচ্চিত্র উদ্যোগের ফলাফল।
আমরা আশা করছি, বাংলাদেশি চলচ্চিত্রের জন্য একই রকমের অভিযাত্রা শুরু করতে পারবো। এখানে কিন্তু পরিস্থিতি বেশ ভিন্ন, সরকার এখানে চূড়ান্ত পরিমাণে সহযোগী মনোভাবাপন্ন। বিশ্ববিদ্যালয়গুলোও একই রকম সহযোগী মনোভাবাপন্ন। সংবাদপত্র, রেডিও, টেলিভিশনের মতো গণমাধ্যমগুলোকেও সহায়ক হিসেবে পাওয়া যাচ্ছে। প্রমাণ করার মতো যোগ্য চলচ্চিত্র নির্মাতা আছে আপনাদের। যদিও সবাই এর সঙ্গে অল্পদিন হলো যুক্ত হয়েছেন, কিন্তু উদ্যোক্তা এবং চলচ্চিত্র নির্মাতাদের বাংলাদেশ থেকে আর্ন্তজাতিক বাজারে নিয়ে যাওয়ার এই ধারণাকে সমর্থন করছেন সবাই। এটাই আমাদের লক্ষ্য। শুধু চলচ্চিত্র উৎসবে সিনেমা নিয়ে যাওয়া নয়, বিক্রি করা এবং বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের শুধু চলচ্চিত্র নির্মাণ করে বেঁচে থাকার আশা জাগানো। আমাদের লক্ষ্য এখানে এসে আরো লোকজন নিয়ে নির্মাতা প্রতিষ্ঠান স্থাপন করা। যার ফলে এই দেশ থেকেই আপনারা আরো বেশি চলচ্চিত্র নির্মাণ করতে পারেন, যাতে কেবল অনুদান আর আস্থার ভরসায় টিকে থাকতে না হয়। আমাকে একজন বললেন - চিত্রনাট্য লেখার জন্য আমি অনুদান পেয়েছি, সিনেমা শুরু করার জন্য আমি আরো একটি অনুদান পেয়েছি। কিন্তু আমি নিজেকে একজন চলচ্চিত্র নির্মাতা মনে করতে পারছি না, কারণ আমি বেঁচে আছি অনুদান নিয়ে। যখন আমি রাজস্ব নিয়ে বাঁচবো, নিজের টাকায় বাড়ি বানাবো, সিনেমা বানাবো - তখন আমি নিজেকে চলচ্চিত্র নির্মাতা বলতে পারবো। আমাদেরও একই কথা, কিভাবে একজন চলচ্চিত্র নির্মাতা অর্থ উপার্জন করতে পারেন।
ছবি: রাকিবুল হক।
