২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলাশেষেও দাপুটে সৌমিত্র

বাংলার পেশাদারী নাট্যমঞ্চে একসময় একটি কথা বেশ প্রচলিত ছিল। কোনো অভিনেতা বৃদ্ধ বয়সেও মঞ্চ মাতিয়ে রাখলে তার সম্পর্কে বলা হতো তিনি বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন। তবে ৮১ বছর বয়স হলেও ‘বুড়ো’ বিশেষণটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে খাটে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 05:48 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

এই সেদিনও ‘বেলাশেষে’ ছবিতে অভিনয় করে দেখিয়ে দিয়েছেন তিনি কতো শক্তিমান অভিনেতা। এমনকি স্বল্প দৈর্ঘ্য ‘অহল্যা’তে রাধিকা আপ্টের মতো তরুণীর বিপরীতে রীতিমতো যৌনাবেদনময় চরিত্রে অভিনয় করলেন তিনি।

বাংলা চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় যেন একাই একটি প্রতিষ্ঠান। কত বিচিত্র চরিত্রেই না অভিনয় করেছেন। ‘অপুর সংসার’ এর অপু, ‘চারুলতা’র অমল, ‘স্ত্রী’র পরকীয়ায় লিপ্ত প্রেমিক সীতাপতি, ‘অশনি সংকেত’- এর নিষ্ঠাবান ব্রাহ্মণ গঙ্গাচরণ, ‘ঘরে বাইরে’র স্বদেশী বিপ্লবী সন্দীপ, ‘হীরক রাজার দেশে’র উদয়ন পণ্ডিত, ‘গণশত্রু’র ডা.অশোক গুপ্ত, ‘কোনি’ ছবির সাতার শিক্ষক ক্ষিতীশ প্রত্যেকটি চরিত্রকে পর্দায় সার্থক করে তুলেছেন সৌমিত্র।

ষাট ও সত্তরের দশকে তিনি দারুণ জনপ্রিয় নায়ক ছিলেন বটে, তবে কোনো বৃত্তে বন্দি করেননি নিজেকে। বাণিজ্যিক ছবির রোমান্টিক নায়ক হিসেবে তুমুল জনপ্রিয় থাকার সময়ও নেতিবাচক চরিত্রে অভিনয় করতে কখনো দ্বিধা করেননি। তিনি কখনও ইমেজের কাছে আত্মসমর্পণ করেননি। বরং বিচিত্র সব চরিত্রে অভিনয় কুশলতা প্রদর্শনের স্বার্থে ভেঙেছেন ইমেজের বলয়।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে। তার পরিবারের আদি বাস ছিল শিলাইদহে। পরে তারা চলে যান কৃষ্ণনগরে। তার বাবা মোহিত কুমার চট্টোপাধ্যায় ছিলেন আইনজীবী। কৃষ্ণনগরে সৌমিত্রর ছোটবেলা কাটে। পরে তিনি হাওড়া জেলা স্কুলে পড়ালেখা করেন। কলকাতার সিটি কলেজ, স্কটিশ চার্চ কলেজ এবং কলেজ অফ আর্টস এ পড়ালেখা করেছেন তিনি। সে সময় কবিতা লিখতেন তিনি। যুক্ত হন লিটল ম্যাগ আন্দোলনের সঙ্গে। ষাটের দশকে তিনি নিজেই একটি লিটল ম্যাগাজিনের সম্পাদক ছিলেন। বাংলা নাট্যমঞ্চের প্রবাদপ্রতীম অভিনেতা শিশির ভাদুরীর অভিনয় দেখে তিনি আকৃষ্ট হন অভিনয়ের প্রতি। শিশির ভাদুরীকে গুরু মেনে তার কাছ থেকে প্রচুর দিক নির্দেশনা ও উপদেশ পান। মঞ্চে অভিনয় শুরু করেন। রেডিওতে ঘোষক হিসেবেও কাজ করেছেন।

রূপালি ভুবনে তার সূচনাই হয়েছিল এমন এক পরিচালকের হাত ধরে যিনি বাংলা ও বিশ্ব চলচ্চিত্রে কিংবদন্তি। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের বিখ্যাত অপু-ট্রিলজির ‘অপুর সংসার' ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তার। এরপর সত্যজিৎ রায়ের ‘দেবী’ ছবিতে অভিনয় করেন। পাশাপাশি বাণিজ্যিক ছবিতেও সুযোগ পান। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত অজয় করের ‘ক্ষুধিত পাষাণ’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। ছবিটি বাণিজ্যিক সাফল্য পাওয়ায় টালিগঞ্জে তার অবস্থান পাকা হয়ে যায়। রবীন্দ্রনাথের তিনটি গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের ‘তিনকন্যা’ ছবিতে ‘সমাপ্তি’ পর্বে অপর্ণা সেনের বিপরীতে অপূর্ব চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর বেশ কয়েকটি ছবিতে রোমান্টিক নায়ক হিসেবে সফল হন। সে সময় ‘ঝিন্দের বন্দি’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিটিতে নায়ক ছিলেন উত্তম কুমার। তখন বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের রাজ্যপাট। এর মধ্যেও সৌমিত্র তার নিজস্ব পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন প্রতিভাগুণে। ‘সাত পাকে বাঁধা’ ছবিতে সুচিত্রা সেনের বিপরীতে দুর্দান্ত অভিনয় করে তিনি বাণিজ্যিক ছবিরও সফল নায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেন। অন্যদিকে তিনি ছিলেন সত্যজিতের প্রিয় অভিনেতা। ‘কাপুরুষ’, ‘চারুলতা’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘অশনিসংকেত’, ‘হীরক রাজার দেশে’, ‘ঘরে বাইরে’, ‘গণশত্রু’, ‘শাখাপ্রশাখা’সহ সত্যজিতের ১৪টি ছবিতে তিনি অভিনয় করেন। মৃণাল সেনের ছবিতেও অভিনয় করেছেন।‘আকাশ কুসুম’ ছবিতে অপর্ণা সেনের বিপরীতে মিথ্যেবাদী ও প্রতারক তরুণ অজয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেন তিনি। বাণিজ্যিক ছবিতে শর্মিলা ঠাকুর ও অপর্ণা সেনের সঙ্গে তার জুটি বেশি জনপ্রিয়তা পায়। যদিও সে সময়ের সব শীর্ষ নায়িকার বিপরীতেই অভিনয় করেছেন তিনি। সুচিত্রা সেনের বিপরীতে ‘সাত পাকে বাঁধা’, ‘দত্তা’,  সুপ্রিয়া দেবীর বিপরীতে ‘স্বয়ম্বর’, ‘স্বরলিপি’, সাবিত্রী চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘প্রতিনিধি’, ‘মাল্যদান’ ইত্যাদি বাণিজ্যসফল ও শিল্পসার্থক ছবিতে অভিনয় করেছেন।

সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায় এই তিন কিংবদন্তি নায়িকা সম্পর্কে ২০০৬ সালে ঢাকা সফরের সময় এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছিলেন সুচিত্রা সেন ছিলেন গ্ল্যামারাস, রহস্যময়ী, সুপ্রিয়া দেবী ছিলেন দারুণ সুন্দরী ও আবেদনময়ী এবং সাবিত্রী দেবী ছিলেন সহজ সরল ইমেজের। তবে তারা তিনজনেই ছিলেন দুর্দান্ত অভিনেত্রী।

সৌমিত্র চট্টোপাধ্যায় পরবর্তীতে গৌতম ঘোষ, অপর্না সেন, ঋতুপর্ণ ঘোষের মতো শিল্পধারার পরিচালকদের ছবিতেও দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নতুন মাত্রা যোগ করেন।

নাট্য-পরিচালক হিসেবেও তিনি সার্থক।‘তাপসী’, ‘নামজীবন’, নীলকণ্ঠ’, ‘ফেরা’সহ অনেক সফল মঞ্চ নাটকের পরিচালক তিনি।

তিনি একজন প্রথম সরির আবৃত্তিশিল্পী ও মঞ্চ অভিনেতা। কবি হিসেবেও তার পরিচিতি রয়েছে। অনেক টিভি সিরিয়াল, টেলি ফিল্ম ও নাটকে অভিনয় করেছেন এখনও করছেন।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে বিএফজেএ, সংগীত নাটক আকাডেমি, ফিল্মফেয়ারসহ অনেক পুরস্কারই জমা হয়েছে তার ঝুলিতে। ভারতের রাষ্ট্রীয় পুরস্কার পদ্মভূষণ সম্মাননায়ও ভূষিত তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায় ফ্রান্সের সর্বোচ্চ সম্মান অফিসিয়ের ডে আর্টস এট মেটিয়ের পেয়েছেন । তবে কোনো পুরস্কারের মাপকাঠিতে তাকে মাপা যাবে না। এই শক্তিমান অভিনেতা ৮১ বছরে পা রেখেও ব্যস্ত ক্যারিয়ার নিয়ে। গত বছর মুক্তি পাওয়া ‘বেলাশেষে’ ছবিতে দাম্পত্য সংকট ও অন্তর্জীবনের টানাপড়েন পর্দায় সার্থকভাবে ফুটিয়ে তুলে তিনি আরো একবার নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। প্রমাণ করেছেন অভিনেতাকে বয়স দিয়ে মাপা যায় না।