২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের গুজব উড়িয়ে দিলেন প্রসূন

প্রেম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনোই রাখঢাক করেননি নায়িকা প্রসূন আজাদ। তবে সম্প্রতি ভারতীয় এক দৈনিকে তার বিয়ের যে খবর ছাপা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলেই জানালেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 04:36 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

প্রসূনের বিয়ের গুজবটা ছড়ায় পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজারে একটি খবর প্রকাশের পর। প্রেমিক মোহাইমিন সান পুরা প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছেন অস্ট্রেলিয়াতে।শুটিং করতে আবার সেদেশে পাড়ি জমিয়েছেন প্রসূনও। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন গুঞ্জনকারীরা।

অস্ট্রেলিয়া থেকে ফেইসবুকে গ্লিটজের সঙ্গে আলাপ হয় প্রসূনের। জানালেন, শুভকাজ এখনও সারেননি।

“এখনও বিয়ে করিনি। এমন কোনো ঘটনা ঘটেনি। ভালবেসেছি যখন, তখন সবার সামনে আমার ভালোবাসার মানুষকে সুন্দরভাবে উপস্থাপন করেছি। বিয়ে করলেও ভক্তদের সামনে তাকে সেই সম্মান রেখেই উপস্থাপন করবো।” 

এমনও শোনা যাচ্ছিল, বিয়ের পর অভিনয় ও দেশ ছেড়ে অস্ট্রেলিয়াতেই বসত গাড়বেন প্রসূন। উড়িয়ে দিলেন সে সম্ভাবনা্ও, “আমার রক্তে অভিনয়। আমি অভিনয় ছাড়িনি, ছাড়বো না।”

তবে এও জানালেন, হবু স্বামী যদি ওখানে থাকার ইচ্ছা প্রকাশ করেন, তবে তিনিও চলে যাবেন।

অভিনয়ের পাশাপাশি একটি সিনেমা পরিচালনা করছেন প্রসূন।  জানান, নিজের হবু স্বামীকে দিয়ে অভিনয় করিয়েছেন তিনি।

তাহলে কেমন ছিল প্রকৌশলীর অভিনয়?

“তিনি খুবই ভালো অভিনেতা।”