ধর্মীয় নেতাকে নিয়ে কৌতুক: কারাগারে ভারতীয় কৌতুকাভিনেতা
ভারতীয় ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে নিয়ে কৌতুক করার অভিযোগে গ্রেফতার হলেন কৌতুকাভিনেতা কিকু শারদা। প্রকাশ্যে ক্ষমা চেয়েও পার পেলেন না ‘কমেডি নাইটস উইথ কাপিল’ খ্যাত এই তারকা।
হারিয়ানা পুলিশের এক কর্মকর্তা জানান, পাঞ্জাবভিত্তিক ধর্মীয় সংগঠন দেরা সাচা সওদার প্রধান গুরমিতকে নিয়ে রসিকতা করার কারণে তার ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন কিকু।
অভিযোগকারীদের একজন বলেন, সেদিন অনুষ্ঠানে কিকুকে দেখা গেছে আমাদের সম্মানিত গুরুজির মতো পোশাক পরিহিত অবস্থায়। তার হাতে ছিল মদের বোতল এবং তিনি দুজন নারীকে নিয়ে নেচেছেন। ভক্তদের মধ্যে যারাই দেখেছেন তার এই অভিনয়, সবাই কষ্ট পেয়েছেন।
২৭ ডিসেম্বর প্রচারিত হয় ‘কমেডি নাইটস উইথ কাপিল’- এর সেই পর্বটি। পহেলা জানুয়ারি কিকুর বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।
তবে কিকুর ভাষ্যে, চিত্রনাট্যে যা লেখা ছিল ঠিক তাই করেছেন তিনি। এতে তার নিজের কোনো হাত ছিল না। এমনকি টুইট করে ক্ষমাও চান কিকু।
সেই মামলায় ১৩ জানুয়ারি মুম্বাই থেকে গ্রেফতার করে তাকে হারিয়ানা নিয়ে যায় পুলিশ। ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয় তাকে।
ওদিকে কিকুর এই ‘ভুল’- এর জন্য তাকে ‘ক্ষমা’ করেছেন স্বঘোষিত ধর্মীয় নেতা গুরমিত। টুইট করে গুরমিত জানান, যদি ক্ষমা চেয়ে থাকেন কিকু, তাহলে কোনো অভিযোগ থাকবে না তার।
