২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হচ্ছে 'কমেডি নাইটস': মন খারাপ তারকাদের

শেষ হচ্ছে কাপিল শর্মার সঞ্চালনায় জনপ্রিয় কমেডি শো 'কমেডি নাইটস উইথ কাপিল’। তারকাদের ছবির প্রচার চালানোর অন্যতম এই প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন শাহরুখ খান, আলিয়া ভাটসহ অনেক তারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 03:17 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

১৭ জানুয়ারি শেষ হবে ‘কমেডি নাইটস উইথ কাপিল'। জনপ্রিয় এই কমেডি অনুষ্ঠানে বিভিন্ন সময়ে অংশ নিয়েছিলেন বলিউডের অনেক তারকা।

শাহরুখ বলেন, "কাপিল খুবই প্রতিভাবান একজন ব্যক্তি, বর্তমানে ভারতীয় কৌতুকাভিনেতাদের মধ্যে তিনি সেরা। ‘কিস কিসকো প্যায়ার কারু’ সিনেমাতেও তিনি খুব ভালো কাজ করেছেন। আশা করছি তিনি খুব শিগগিরই কিছু নিয়ে পর্দায় হাজির হবেন আমাদের বিনোদন দেয়ার জন্য।"

কাপিলের অনুষ্ঠানটি শেষ হবার খবর জানতেন না আলিয়া ভাট। খবরটি শুনে বিস্ময় প্রকাশ করেন তিনি।

"সত্যি অনুষ্ঠানটি শেষ হয়ে যাচ্ছে? তাহলে তো এখন থেকে সিনেমার প্রচারের মজাটাই নষ্ট হয়ে যাবে। প্রচারের সময় আমরা অপেক্ষা করি তার অনুষ্ঠানে যাওয়ার জন্য, ওখানে গেলে খুব মজা হয়। অবশ্য এখন তিনি সিনেমায় অভিনয় করবেন, তার সিনেমা তো ভালো করছে।"

খবরটি জানতেন না শ্রদ্ধা কাপুরও। শুনে তিনিও খানিকটা দুঃখ প্রকাশ করেন।

তবে কাপিল শিগগিরই পর্দায় ফিরবেন বলে আশাবাদী সিদ্ধার্থ মালহোত্রা। বললেন, "আমি শুনেছি তিনি ফিরবেন। সুতরাং এটি একটি ছোট্ট বিরতি ছাড়া কিছুই নয়। লোক হাসানো খুবই কঠিন কাজ, আর আমার মনে হয় তিনি আমাদের দেশের সবচেয়ে ভালো কৌতুকাভিনেতা। আমি অপেক্ষা করছি তার ফিরে আসার।"

শোনা যাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষের ওপর চটেছেন কাপিল। একই ধরনের আরেকটি অনুষ্ঠানকে চ্যানেলটিতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে গুঞ্জন উঠেছে, অন্য একটি চ্যানেলে অনুষ্ঠানটি নিয়ে শিগগিরই ফিরছেন কাপিল।