২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল্মফেয়ার ২০১৬: মনোনয়নে ‘বাজিরাও মাস্তানি'র দাপট

হিন্দি সিনেমার অস্কার খ্যাত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের আসর বসতে যাচ্ছে খুব শিগগিরই। সম্প্রতি প্রকাশিত মনোননয় তালিকায় দেখা গেছে রানভির সিং ও দিপিকা পাড়ুকোন অভিনীত 'বাজিরাও মাস্তানি'র আধিপত্য। ‘বাজরাঙ্গি ভাইজান’-এর মাধ্যমে দীর্ঘদিন পর সেরা অভিনেতার অ্যাওয়ার্ড জেতার সম্ভাবনা থাকছে সালমান খানের জন্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 02:11 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

সঞ্জয় লিলা বানসালির পরিচালিত মারাঠা সেনানায়ক বাজিরাও ও মুসলমান রাজকন্যা মাস্তানির প্রেমের ঐতিহাসিক আখ্যান ‘বাজিরাও মাস্তানি’ সাতটি মনোনয়ন ঝুলিতে পুরে সর্বাধিক মনোনয়ন লাভের গৌরব অর্জন করেছে।

সেরা সিনেমার তালিকায় বছরের ব্যবসাসফল সিনেমাগুলোই ঠাঁই পেয়েছে।রয়েছে ‘বাজরাঙ্গি ভাইজান’,‘বাজিরাও মাস্তানি’, ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ এবং ‘পিকু’। এছাড়া ভিন্ন ধারার সিনেমা হিসেবে প্রতিযোগিতায় নেমেছে ভারুন ধাওয়ানের ‘বাদলাপুর’ এবং ইরফান খানের ‘তালভার’।

সেরা পরিচালকের খেতাবের জন্য লড়বেন মেঘনা গুলজার (তালভার), আনন্দ এল রায় (তানু ওয়েডস মানু রিটার্নস), কাবির খান (বাজরাঙ্গি ভাইজান), সঞ্জয় লিলা বানসালি (বাজিরাও মাস্তানি), সুজিত সিরকার (পিকু) এবং শ্রিরাম রাঘভান (বাদলাপুর)।

সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন অমিতাভ বচ্চন (পিকু), রানবির কাপুর (তামাশা), রানভির সিং (বাজিরাও মাস্তানি), সালমান খান (বাজরাঙ্গি ভাইজান), ভারুন ধাওয়ান (বাদলাপুর) এবং শাহরুখ খান (দিলওয়ালে)। ওদিকে‘বেবি’র সাফল্যের পরও আকশায় কুমারকে মনোনীত না করায় ফিল্মফেয়ারের সমালোচনা করেছেন অনেক দর্শক।

নিজের প্রথম প্রযোজিত সিনেমা ‘এনএইচটেন’-এর জন্য এবার সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন আনুশকা শর্মা। আবার ‘পিকু’ এবং ‘বাজিরাও মাস্তানি’র বদৌলতে সেরা অভিনেত্রী হবার সম্ভাবনা দ্বিগুণ হয়েছে দিপিকা পাড়ুকোনের জন্য। এই বিভাগে আরো মনোনয়ন পেয়েছেন কাঙ্গানা রানাওয়াত (তানু ওয়েডস মানু রিটার্নস), কাজল (দিলওয়ালে) এবং সোনাম কাপুর (ডলি কি ডোলি)।

পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতা খেতাবের জন্য প্রতিযোগিতায় নেমেছেন অনিল কাপুর ‘দিল ধাড়াকনে দো’ নিয়ে। আরো আছেন ‘বাদলাপুর’-এর নাওয়াজউদ্দিন সিদ্দিকি, ‘মাসান’-এর সঞ্জয় মিশরা এবং ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এর দিপাক ডোবরিয়াল। আবার একই সিনেমার জন্য মনোনীত হয়েছেন জিমি শেরগিলও।

সেরা অভিনেত্রীর পাশাপাশি পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রী বিভাগেও মনোনয়ন পেয়েছেন আনুশকা, ‘দিল ধাড়াকনে দো’র জন্য। এই সিনেমার জন্য আরো মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী শেফালি শাহ। ‘বাজিরাও মাস্তানি’ থেকে পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং তানভি আযমি। ‘দৃশ্যাম’-এর জন্য মনোনয়ন পেয়েছেন টাবু এবং ‘বাদলাপুর’-এর জন্য হুমা কুরেশি।

শাহরুখ খানের উপস্থাপনায় এ বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি মুম্বাইতে।