২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ির আলোচিত পাঁচ গান

পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের জাদু ছড়ানো শিল্পী ডেভিড বোয়ি চলে গেছেন গানের ওপারে। ক্যান্সারের কাছে হার মানা এই শিল্পীর অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে সেরা পাঁচটি গানের কথা তুলে ধরা হলো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 06:35 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

'দ্য ম্যান হু সোল্ড দ্য ওয়ার্ল্ড

অ্যালবাম- দ্য ম্যান হু সোল্ড দ্য ওয়ার্ল্ড (১৯৭০)

নিজের পপ ইমেজ একেবারেই ঝেড়ে ফেলেন সত্তরের দশকে। যে ধরনের সুরে গাইতেন, তা একেবারেই সে সময়ের পপ ঘরানার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বোয়ির কণ্ঠের রহস্যময়তা পুরোটাই প্রকাশ পেয়েছে 'দ্য ম্যান হু সোল্ড দ্য ওয়ার্ল্ড' গানটিতে। একই শিরোনামে ১৯৭০ এ মুক্তি পাওয়া বোয়ির তৃতীয় অ্যালবাম এবং গানটি তেমন একটা নজরে পড়েনি কারো। তবে সময়ের সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকে গানটির জনপ্রিয়তা। ১৯৯৪ এ সালে 'এমটিভি আনপ্লাগড'-এ  গ্রাঞ্জ ব্যান্ড নির্ভানা গানটি কভার করলে 'দ্য ম্যান হু সোল্ড দ্য ওয়ার্ল্ড' এর জনপ্রিয়তা ভিন্ন মাত্রা পায়্ 

রেবেল, রেবেল

অ্যালবাম- ডায়মন্ড ডগস (১৯৭৪)

৭০-এ গ্ল্যাম রক ঘরানায় নিজের দখল দেখান বোয়ি। 'রেবেল, রেবেল' গানটিতে তার বাজানো গিটার রিফ হয়ে যায় গ্ল্যাম রক ইতিহাসের অন্যতম পরিচিত এক গিটার টোন। সুর আর গায়কির দুর্দান্ত সমন্বয় এবং কিছুটা পাঙ্ক রকের ছোঁয়া - সব মিলে গানটি সহজেই শ্রোতাদের হৃদয়ে ঠাঁই করে নেয়।

জিগি স্টারডাস্ট

অ্যালবাম- জিগি স্টারডাস্ট (১৯৭২)

নিজের অবয়ব ভেঙেচুড়ে বার বার নতুন করে গড়েছেন বোয়ি। কখনো দেখা গেছে মাথা ভর্তি ঝলমলে সোনালি চুলের প্লেবয়, কখনো স্যুটে পরিপাটি ভদ্দরলোক। তবে তার 'জিগি স্টারডাস্ট' অবতারের কথা বোয়ি ভক্তরা কখোনোই ভুলবে না। এই চরিত্রটিকে সামনে নিয়ে আসার জন্য বের করেছিলেন 'জিগি স্টারডাস্ট' অ্যালবামটি ১৯৭২ সালে। এই গানটির মাধ্যমে তার ব্যান্ড 'দ্য স্পাইডার্স ফ্রম দ্য মার্স'-এর সঙ্গেও পরিচয় ঘটে ভক্তদের।

হিরোজ

অ্যালবাম- হিরোজ (১৯৭৭)

১৯৭৭ সালে মুক্তি পাওয়া ব্যালে 'হিরোজ' গানটি যেমন বোয়ির গাওয়া অন্যতম প্রেরণাদায়ক গান এটি। মূলত জার্মান নিরীক্ষামূলক একটি ব্যান্ডের 'হিরো' গানটি থেকে অনুপ্রেরণা নিয়ে লেখা হয়েছিল এই গানটি। গানটির সুর এবং কথাগুলোকে বোয়ি ভক্তরা গ্রহণ করেছিল মন থেকেই। জীবন বাজি রেখে নাইন-ইলেভেনে জঙ্গি হামলায় আক্রান্তদের বাঁচানোর কাজে নিয়োজিত হাজারো মানুষের জন্য কনসার্ট ফর নিউ ইয়র্কে বোয়ি গেয়েছিলেন 'হিরোজ' গানটি। হলিউডের বেশ কয়েকটি সিনেমাতেও গানটি ব্যবহৃত হয়েছে অফিশিয়াল সাউন্ডট্র্যাক হিসেবে।

স্পেইস ওডিটি

অ্যালবাম- স্পেইস ওডিটি (১৯৬৯)

ডেভিড বোয়ি বোয়ি হয়ে উঠেছিলেন তার এই গানটির মাধ্যমে। মহাকাশে অভিযানের গল্পে গল্পে সুরের খেলা আর ছন্দে এক অসাধারণ জগত তৈরি করেছিলেন তিনি এই গানে। চাইলেই দু ঘণ্টার সাইফাই সিনেমা বানিয়ে ফেলা সম্ভব তার এই গানের গল্প থেকে। পরবর্তীতে যে তিনি আরো অসাধারণ সৃষ্টি নিয়ে আসবেন, তা বোঝাই যাচ্ছিল মাত্র ২২ বছর বয়সী বোয়ির এই গানটি থেকে। সময়ের চেয়ে অগ্রসর এক গান দিয়েই নিজের আগমনের জানান দিয়েছিলেন তিনি।