স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসেও সেরা রানভির-দিপিকা
শুরু হয়ে গেছে অ্যাওয়ার্ডের মৌসুম। আর প্রতি আসরেই বাজিমাৎ করছেন রানভির সিং এবং দিপিকা পাড়ুকোন জুটি। স্টারডাস্ট এবং সনি গিল্ড অ্যাওয়ার্ডসের পর স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চও নিজের করে নিয়েছেন এই জুটি।
তবে পিছিয়ে নেই বিগ বিও। 'বাজিরাও' রানভিরকে সেরা অভিনেতার পুরস্কারটি ভাগ করে নিতে হয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে। 'পিকু' সিনেমার জন্য এই সম্মাননা জিতেছেন তিনি।
ওদিকে টানা তিন আসরে সেরা অভিনেত্রীর খেতাব জিতলেন দিপিকা। 'পিকু' সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরার পুরস্কারতো পেয়েছেনই, দর্শক জরিপে 'তামাশা' সিনেমার জন্যও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।
আগের দুই আসরের মতো স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসেও সেরা সিনেমা নির্বাচিত হয়েছে 'বাজরাঙ্গি ভাইজান'। সেরা পরিচালক, সেরা শিশু শিল্পী এবং নেপথ্য সঙ্গীতসহ মোট পাঁচটি বিভাগে পুরস্কার জিতে আসরের সর্বোচ্চ পুরস্কার ঝুলিতে পুরে নিয়েছে সালমান খান অভিনীত সিনেমাটি। আর তার ঠিক পিছনেই আছে 'পিকু' চারটি পুরস্কার নিয়ে। 'বাজিরাও মাস্তানি' জিতেছে তিনটি পুরস্কার। সিনেমাটিতে কাশিবাঈ চরিত্রে নজর কাড়া অভিনয় করে দর্শকদের ভোটে সেরা পার্শ্ব-অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তিনি।
সমালোচকদের ভোটে সেরা সিনেমার খেতাব জিতেছে 'তালভার'। এই বিভাগে সেরা অভিনেতা এবং অভিনেত্রীর পুরস্কার নিজের করে নিয়েছেন 'তালভার' এর ইরফান খান এবং 'মারগারিটা উইথ এ স্ট্র'র কালকি কোয়েচলিন। আর দর্শকদের ভোটে দীর্ঘদিন পর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ খান 'দিলওয়ালে' সিনেমার জন্য। চিরসবুজ জুটি শাহরুখ-কাজল পেয়েছেন সেরা জুটির সম্মাননা।
আশি এবং নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেতা ঋষি কাপুরকে ভূষিত করা হয়েছে আজীবন সম্মাননায়। 'দাম লাগা কে হাইশা' সিনেমার 'মোহ মোহ কি ধাগে' গানটির জন্য এর দুই শিল্পী পাপন এবং মোনালি ঠাকুর পেয়েছেন সেরা গায়ক এবং গায়িকার পুরস্কার।
