পরিণয়েই পরিণতি পেলো শখ-নিলয়ের প্রেম
নায়ক- নায়িকার দেখা হলো, তারা প্রেমে পড়লেন, সম্পর্কে দেখা দিল টানাপড়েন, দুজনের পথ দুদিকে গেল বেঁকে। তবে কাহিনির অন্তটা ঘটলো শুভ পরিণয়েই। আনিকা কবির শখ আর নিলয় আলমগীরের গল্পটা তেমনই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনেরই সম্পর্কের সমীকরণটা বদলে গেছে। স্পষ্ট হরফে লেখা রয়েছে শখ বিবাহিত। নিলয়েরটাও তাই। অবশেষে একে অপরকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন এই দুই তরুণ মডেল ও অভিনয়শিল্পী।
গল্পের শুরুটা অবশ্য হয়েছিল ২০১১ সালে। একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয় ও বন্ধুত্ব, যা গড়িয়েছিল প্রেমে। তাদের সম্পর্কের কথাটা অজানাও ছিল না কারো কাছে। একসঙ্গে শুরু করলেন, 'অল্প অল্প প্রেমের গল্প' সিনেমাটির কাজ। তারপর আলোচিত এই জুটির সম্পর্ক ভেঙে যায়। আর এরপর থেকে একে অন্যকে এড়িয়েই চলতে শুরু করেন তারা।
অবশেষে বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসলেন এই জুটি।
