নিতুকে ‘প্রেমের বাধা’ মনে করছেন ক্যাট?
অভিনেতা রানবির কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেম এখন পুরনো খবর। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, রানবিরের মা নিতু কাপুরের সঙ্গে সম্পর্ক তেমন একটা জমে উঠছে না ক্যাটের। সম্প্রতি ক্যাট যা বলেছেন, তাতে নিতু তাদের প্রেমের বিরোধী শক্তি - এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
রানবিরের দ্বিধান্বিত মন নিয়ে বরাবরই কষ্ট পেয়েছেন ক্যাট, এ কথা আকার-ইঙ্গিতে বুঝিয়েও দিয়েছেন। এমনও শোনা যাচ্ছিল, তাদের সাত বছরের সম্পর্ক ভেঙে যাচ্ছে।
কিন্তু সম্প্রতি নিজেদের ফ্ল্যাটের বারান্দায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়ে সব গুজব উড়িয়ে দেন ক্যাট-রানবির।
প্রেমিকের সঙ্গে হয়ত সব সমীকরণ মিলিয়ে নিয়েছেন ক্যাট, কিন্তু হবু শাশুড়ির নেতিবাচক মনোভাব এখনও দূর করতে পারেননি। সম্প্রতি ক্যাট বলেন, "ভালোবাসায় বহিঃশক্তির তরফ থেকেও বিরোধিতা আসতে পারে আবার আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকেও আসতে পারে। প্রতিটি সম্পর্ক এবং প্রেমকাহিনিতে সংঘাত থাকে। কখনো তৃতীয় পক্ষ, কখনো সম্পর্কের ব্যাপার ভীত হওয়া - নানা ধরনের সংঘাতের মুখোমুখি হতে হয়।"
বছর দেড়েক আগে এক পারিবারিক অনুষ্ঠানের ছবি থেকে ক্যাটরিনাকে কেটে বাদ দিয়ে তা টুইটারে পোস্ট করেন নিতু। একই ছবি যখন আলাদাভাবে টুইট করেন রানবিরের বোন, তখন সেখানে দেখা যায় ক্যাটের উপস্থিতি। এরপর থেকে গুঞ্জন উঠে, হয়তো ছেলের প্রেমিকা হিসেবে ক্যাটকে পছন্দ নয় নিতুর।
গত বছর শশি কাপুর আয়োজিত বড়দিনের পার্টিতে রানবিরের সঙ্গে অংশ নেন ক্যাট, কিন্তু অনুপস্থিত ছিলেন নিতু। এই ঘটনা গুঞ্জন আরো বাড়িয়ে দেয়।
