২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬৪ জেলার অংশগ্রহণে চলছে উৎসব 

৬৪ জেলা শিল্পকলা একাডেমির অংশগ্রহণে শুরু হয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০১৬। প্রথমবারের মত এই আসর বসেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে। নতুন বছরের প্রথম দিনে উৎসবের উদ্বোধন করা হয়। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 02:56 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

পহেলা জানুয়ারি উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক সৈয়দ শামসুল হক এবং একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন।  

সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সমবেত নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ ফাইন আর্টস একাডেমির শিল্পীরা। ৬৪ জেলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার উদ্যোগের অংশ হিসেবে প্রথম দিনে আরো ছিল জয়পুরহাট, সিলেট, গোপালগঞ্জ, ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী কিছু পরিবেশনা।  

উৎসবের দ্বিতীয় দিনে নিজেদের আঞ্চলিক পরিবেশনা নিয়ে এদিন মঞ্চে ওঠে হবিগঞ্জ, কুমিল্লা, ফরিদপুর ও  রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় উৎসবের তৃতীয় দিন মঞ্চে দেখা যায় বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর ও টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনা।

উৎসবের চতুর্থ দিন যশোর, পঞ্চগড়, সিরাজগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক দলের মঞ্চে ওঠার কথা রয়েছে। 

১৮ জানুয়ারি এভাবেই প্রতিদিন শিল্পকলা একাডেমিতে পরিবেশিত হবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগীতি, নৃত্য এবং সঙ্গীতের। প্রতিটি অঞ্চলের কৃষ্টি এবং ঐতিহ্যনির্ভর পরিবেশনায় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে প্রতিটি জেলা থেকে আসা বিভিন্ন সাংস্কৃতিক দল। প্রতিদিনই উৎসব শুরু হবে বিকাল সাড়ে ৪ টায়।