'স্টার ওয়ার্স'-এর যে চরিত্রটি ফিরিয়েছেন ডিক্যাপ্রিও
কেমন হতো, যদি ডার্থ ভেডারের মুখোশ খোলার পর সেখানে দেখা যেত ডিক্যাপ্রিওকে? সে সম্ভাবনাও সৃষ্টি হয়েছিল। হেইডেন ক্রিস্টেনসেনের পরিবর্তে ডার্থ ভেডার হিসেবে দেখা যেতে পারতো 'টাইটানিক' তারকাকে। নিজেই স্বীকার করলেন, ‘স্টার ওয়ার্স’ এর কিংবদন্তী এই খলচরিত্রটি পর্দায় রূপায়নের প্রস্তাব পেয়েছিলেন তিনি।
শর্টলিস্টকে দেয়া একটি সাক্ষাৎকারে এতদিনের অজানা তথ্যটি জানালেন ক্যাপ্রিও। খোদ জর্জ লুকাসই এসেছিলেন প্রস্তাবটি নিয়ে।
“জর্জ লুকাসের সঙ্গে একটি সাক্ষাতে ডার্থ ভেডার চরিত্রটি করা নিয়ে কথা হয়েছিল আমার”
কিন্তু সে সময় এত বড় একটি চরিত্রের দায়িত্ব নিতে অপারগতাই জানিয়েছিলেন তিনি। ৪১ বছর বয়সী এই তারকা সাক্ষাৎকারে বলেন, এ ধরনের চরিত্রের জন্য নিজেকে উপযুক্ত বলে মনে করেননি তিনি। ভেডারের চরিত্রটি করার লোভনীয় প্রস্তাব তাই ফিরিয়ে দেন ‘ইনসেপশ’ এবং ‘দ্য ডিপার্টেড’- এর মতো দুর্দান্ত কিছু সিনেমা উপহার দেয়া ক্যাপ্রিও।
‘স্টার ওয়ার্স’ সিকুয়াল ট্রিলজিতে এই চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা সেবাশ্চিয়ান শ। আর প্রিকুয়াল ট্রিলজির শেষ দুটি সিনেমায় এই চরিত্রে দেখা যায় হেইডেন ক্রিশ্চিয়ানসেনকে।
‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওইকেন্স’ মুক্তির পর পরই ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। সিনেমাটি নিয়ে আলোচনার ভিড়ে কিছুটা চাপাই পড়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত নতুন সিনেমা ‘দ্য রেভানেন্ট’। এখনও আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি না পেলেও সমালোচকমহলে দারুণ প্রশংসা পেয়েছে ক্যাপ্রিওর চরিত্রটি।
