ক্যামেরাবন্দি চুম্বনরত রানবির-ক্যাট
রানবির-ক্যাটরিনার প্রেমে ফাটল ধরেছে - এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কদিন ধরেই। কিন্তু দুজনের আবেগঘন চুম্বনদৃশ্য ধামাচাপা দিয়ে দিলো সব গুঞ্জনকে। নিজেদের ফ্ল্যাটের বারান্দায় পরস্পরকে চুমু খাওয়ার সময় ক্যামেরাবন্দি হলেন এই দুই তারকা।
গত মঙ্গলবার, নিজের নতুন রোমান্টিক ড্রামা ‘ফিতুর’-এর এক বিশেষ গানের শুটিং শেষে ক্যাটরিনা ফিরে আসেন মুম্বাইয়ের বান্দ্রা এলাকার অ্যাপার্টমেন্টে। রাত ৯টা থেকেই বিয়ার খেতে খেতে ব্যালকনিতে ক্যাটের অপেক্ষায় ছিলেন রানবির। সাড়ে ১০টার দিকে ব্যালকনিতে দেখা যায় ক্যাটরিনাকে। এরপর পরস্পরকে চুমু খেতে দেখা যায় এই জুটিকে। এরপর আরো আধা ঘণ্টা ওখানে বসেই গল্প করেন দুজনে।
বেশ কিছু দিন ধরে দুজনের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিলো। বলা হচ্ছিল রানবিরের সাবেক প্রেমিকা ও 'তামাশা' সিনেমার সহশিল্পী দিপিকা পাড়ুকোনের কারণে দূরত্ব তৈরি হয়েছে রানবির-ক্যাটের মধ্যে। সম্প্রতি ক্যাটরিনার এক সাক্ষাৎকারে স্পষ্ট হয়ে উঠেছিল যে, সাবেক প্রেমিকা দিপিকার সঙ্গে রানবিরের কাজ করা পছন্দ নয় তার। ‘তামাশা’ সিনেমায় এবং এর প্রচারের সময় দিপিকার সঙ্গে ঘনিষ্ঠতা মোটেও ভালো লাগেনি ক্যাটের। তবে বড়দিনে শশি কাপুরের পার্টিতে প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে রানবিরের হাস্যজ্জ্বল ছবি ইঙ্গিত দেয় যে সম্পর্কের ভাঙনের ব্যাপার পুরোপুরিই গুজব। এবার তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবিই প্রমাণ করলো সম্পর্ক অটুট রয়েছে।
২০১৪ সালের শেষের দিকে বাবা ঋষি কাপুরের বাড়ি ছেড়ে ক্যাটরিনার সঙ্গে মুম্বাইয়ের বান্দ্রার এই অ্যাপার্টমেন্টে বসবাস করা শুরু করেন রানবির।
