২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টারডাস্ট অ্যাওয়ার্ডসে সেরা দিপিকা, অমিতাভ

মৌসুমের প্রথম অ্যাওয়ার্ড আসর বুঝিয়ে দিল এবার অ্যাওয়ার্ড আসরগুলোতে কাদের দৌরাত্ম থাকবে। স্যানসুই কালার্স স্টারডাস্ট আসরে সেরা অভিনয়শিল্পীর স্বীকৃতি নিজের করে নিয়েছেন দিপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন। তবে সর্বাধিক অ্যাওয়ার্ড গেছে 'বাজরাঙ্গি ভাইজান'-এর কাছেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 08:17 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

তারকাদের উপস্থিতিতে জমকালো এই আসর বসেছিল ২১ ডিসেম্বর, যেখানে শোনা গেছে 'বাজরাঙ্গি ভাইজান'- এর জয়জয়কার। তিনটি বিভাগে পুরস্কার পেয়ে সব আলো কেড়ে নিয়েছে সালমান খানের এই সিনেমাটি।

বছরের সেরা সিনেমার অ্যাওয়ার্ড গেছে 'বাজরাঙ্গি ভাইজান'- এর ঝুলিতে, সেরা পরিচালক হিসেবে সম্মানিত হয়েছেন কবির খান এবং সেরা শিশু শিল্পীর পুরস্কার নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেছে হারশালি মালহোত্রা।

ওদিকে সেরা নির্মাতার বিশেষ সম্মাননা ভাগ করে নিয়েছেন দুই নারী পরিচালক - মেঘনা গুলজার (তালভার) এবং সোনালি বোস (মারগারিটা উইথ এ স্ট্র)।

'দিল ধাড়াকনে দো'তে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করে পার্শ্ব-চরিত্রে সেরা শিল্পীর পুরস্কার জিতে নেন অনিল কাপুর এবং শেফালি শাহ। রানদিপ হুডা পেয়েছেন সেরা খলনায়কের পুরস্কার 'ম্যায় অউর চার্লস'- এর জন্য।

কৌতুকাভিনেতা হিসেবে সেরা হয়েছেন 'প্যায়ার কা পাঞ্চনামা টু' খ্যাত অভিনেতা কার্তিক আরিয়ান।  সেরা নবাগতার খেতাব জিতেছেন 'দাম লাগাকে হাইশা' খ্যাত ভুমি পেদনেকার। ওদিকে 'হিরো'র জন্য সেরা নবাগত হয়েছেন সুরাজ পাঞ্চোলি।

এবছর আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে অভিনেতা জিতেন্দ্রকে। টাইমলেস ডিভা অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী জিনাত আমান।

পুরো ৫ বছর বিরতির পর 'জাজবা'র মাধ্যমে ফেরা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেয়া হয়েছে পাওয়ার প্যাকড পারফরম্যান্স অফ দ্য ইয়ার পুরস্কার। পুরো বছর পর্দায় দেখা না গেলেও একটি পুরস্কার হাতে পেয়েছেন অভিনেত্রী পারিনিতি চোপড়া। কঠোর পরিশ্রমের মাধ্যমে শরীরের বাড়তি মেদ ঝরিয়ে তিনি হয়েছেন স্টাইল আইকন অফ দ্য ইয়ার।

এছাড়া ভারুন ধাওয়ানকে দেয়া হয়েছে স্যানসুই এন্টারটেইনার অফ দ্য ইয়ার খেতাব।

বক্স-অফিসে মার খেলেও একটি পুরস্কার জুটেছে 'বোম্বে ভেলভেট'- এর ভাগ্যে। সেরা পোশাক নকশাকারীর খেতাব জিতেছেন নিহারিকা খান।

'মাসান' সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন ভারুন গ্রোভার। সেরা গল্পের পুরস্কার পেয়েছেন 'বাদলাপুর'- এর দুই লেখক শ্রিরাম রাঘভান এবং অরিজিৎ বিশ্বাস।

'মাসান'- এর জন্য আরও একবার মঞ্চে আসতে হয়েছে ভারুন গ্রোভারকে, জিতেছেন সেরা গীতিকারের ট্রফি। 'প্রেম রাতান ধান পায়ো'র জন্য সেরা প্লেব্যাক গায়িকা হয়েছেন পালাক মুঞ্ছাল। আর গায়কদের মধ্যে 'ম্যায় হু হিরো তেরা' গেয়ে বাজিমাত করেছেন আরমান মালিক।

সেরা সঙ্গীত পরিচালকের খেতাব গেছে 'শানদার' খ্যাত অমিত ত্রিভেদির কাছে। সেরা মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছে 'রয়'।

বছরের একমাত্র ড্যান্স ফিল্ম 'এবিসিডি টু'র জন্য সেরা নৃত্য নির্দেশকের অ্যাওয়ার্ড পেয়েছেন রেমো ডি সুজা।

মৌসুমের প্রথম অ্যাওয়ার্ড আসরে অংশ নিতে দেখা গেছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে, শাহরুখ খান, কাজল, সালমান খান, অনিল কাপুর, রানভির সিং, সোনাম কাপুর, আলিয়া ভাট,শাহিদ কাপুর, পারিনিতি চোপড়া এবং রিচা চাড্ডার মতো তারকাদের।

স্টারডাস্টের মঞ্চ মাতিয়েছেন শাহরুখ, কাজল, আলিয়া, শাহিদ এবং রানভির সিং। এছাড়া দর্শককে আনন্দ দিতে উপস্থিত ছিলেন রিতেশ দেশমুখ এবং ফারাহ খান। উপস্থাপকের মাইক্রোফোন হাতে দেখা গেছে 'লাঞ্চবক্স' তারকা নিমরাত কউরকেও।

স্টারডাস্ট অ্যাওয়ার্ড টিভি পর্দায় দেখানো হবে ১০ জানুয়ারি, কালারস চ্যানেলে।