২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫র সেরা ১০ হিন্দি গান

বলিউডের একটি ব্লকবাস্টার সিনেমা মানেই প্রেম, রোমাঞ্চ এবং দারুণ সব গান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 06:00 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

বলিউডে একটি সিনেমার সাফল্যের পেছনে অনেকটাই অবদান রাখে সিনেমার গানগুলো। আর এসব গানের কলি বলিউডপ্রেমীদের মুখে মুখে ফেরে। দেখে নেয়া যাক এ বছর কোন গানগুলো দর্শক-শ্রোতাদের মনে দাগ কেটেছে।

 

১০. ম্যায় হু হিরো তেরা (হিরো)

২০১৫ সালমান খানের জন্য স্মরণীয় হয়ে থাকবে নানা কারণে। 'বাজরাঙ্গি ভাইজান' এবং 'প্রেম রাতান ধান পায়ো'র মতো রেকর্ড সৃষ্টিকারী দুটি ব্লকবাস্টার সিনেমা, মামলা থেকে রেহাই পাওয়ার স্বস্তি - সব মিলিয়ে দারুণ কেটেছে বছরটি। তবে প্লেব্যাক শিল্পী হিসেবেও সুনাম  কুড়িয়েছেন ৪৯ বছর বয়সী এই তারকা। গত বছরের ধারাবাহিকতায় গেয়েছেন 'হিরো' সিনেমাটির 'ম্যায় হু হিরো তেরা' গানটি। ধীর তালের অ্যাকুইস্টিক আবহে গানটি সিনেমার মূল কাহিনীরই পরিপূরক। গানটি রাতারাতি দর্শকপ্রিয়তা পায়।

 

৯. জি কারদা (বাদলাপুর)

ভারুণ ধাওয়ানের অ্যাকশন-ড্রামা সিনেমা 'বাদলাপুর'-এর ধুন্ধুমার রোমাঞ্চের পুরোটাই যেন সঞ্চিত আছে 'জি কারদা' গানটিতে। রক ধাঁচের সুর এবং গিটারের তালে 'বাদলাপুর' সিনেমাটির মেজাজ তুলে ধরে গানটি। তবে, গানটি আবারও আলোচনায় আসে গায়ক লাভ জানজুয়াকে অক্টোবরে রহস্যজনকভাবে মৃত উদ্ধার করার পর। এখনও জানা যায়নি ৫৭ বছর বয়সী এই গায়কের মৃত্যুর কারণ।

 

৮. চিটিয়া কালাইয়া (রয়)

সিনেমা হিট না হলেও 'রয়' সিনেমার 'চিটিয়া কালাইয়া' সুপারহিট হয়েছে। অ্যাকুইস্টিক গিটারের তালে গানটি শুরু হলেও পাঞ্জাবী ভাষায় গাওয়া গানটি ধীরে ধীরে তৈরি করে গ্রুভি র‌্যাপ গানের আমেজ। 'বেবি ডল' এর গায়িকা কানিকা কাপুর কণ্ঠ দিয়েছেন এই গানটিতে, আর তার সঙ্গে ছিলেন ব্রাদার্স অঞ্জন।

 

৭. বান্নো (তানু ওয়েডস মানু রিটার্ন্স)

পার্টি সং হিসেবে 'বান্নো' গানটিও সমাদৃত হয়েছে দর্শক মহলে। ২০১১ সালে মুক্তি পাওয়া 'তানু ওয়েডস মানু'র সিকুয়াল 'তানু ওয়েডস মানু রিটার্ন্স' মুক্তি পায় এ বছর। বক্স-অফিসে দারুণ সফল সিনেমাটির 'বান্নো' গানটি লোক আঙ্গিকের সুর আর মজাদার কথার কারণে ভীষণ জনপ্রিয়তা পায়।

 

৬. আফগান জালেবি (ফ্যান্টম)

পাকিস্তানের সঙ্গীতশিল্পীদের অনেকেই বলিউডে এসে পেয়েছেন দারুণ খ্যাতি। এদের মধ্যে নতুন সংযোজন হলেন আসরার। কোক স্টুডিওর মাধ্যমে খ্যাতি পাওয়া এই গায়ক তার প্রথম প্লেব্যাক করেছেন ক্যাটরিনা কাইফ আর সাইফ আলি খান অভিনীত 'ফ্যান্টম' সিনেমাতে। প্রীতমের সুরে 'আফগান জালেবি' গানটি কাওয়ালি অঙ্গের।

 

৫. টুং টুং বাজে (সিং ইজ ব্লিং)

২০০৮ সালে মুক্তি পাওয়া 'সিং ইজ কিং' এর দুর্দান্ত সাফল্যের পর এ বছর মুক্তি পায় সিকুয়াল 'সিং ইজ ব্লিং'। সিনেমাতো জনপ্রিয় হয়েছেই, দর্শকপ্রিয়তা পেয়েছে সিনেমার গানগুলোও। এর আগে এমটিভির একটি রিয়ালিটি শোয়ের জন্য 'টুং টুং বাজে' গানটি গেয়েছিলেন নুরান সিস্টার্স। পাঞ্জাবী এই গানটি তখনই জনপ্রিয় হয়েছিল। সিনেমার ন্য গানটি নতুন করে গান দিলজিত দোশাঞ্জ।

 

৪. প্রেম রাতান ধান পায়ো (প্রেম রাতান ধান পায়ো)

বছরের শেষে এসে সালমান ভক্তরা পেয়েছেন দারুণ আরেকটি উপহার। 'প্রেম রাতান ধান পায়ো' সিনেমার টাইটেল ট্র্যাক সিনেমা মুক্তির আগেই ব্যপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে ডাবস্ম্যাশে অসংখ্যবার পারফর্ম করা হয় গানটিতে। হিমেশ রেশামিয়ার সঙ্গীত পরিচালনায় গানটি নব্বইয়ের দশকের সুরেলা গানগুলোর কথাই মনে করিয়ে দেয়।

 

৩. তু চাহিয়ে (বাজরাঙ্গি ভাইজান)

'বাজরাঙ্গি ভাইজান' সালমানের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়া সিনেমা। আর সিনেমার 'তু চাহিয়ে' গানটি এ বছরের সেরা রোমান্টিক গান। প্রীতমের সুরে গানটি গেয়েছেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম।

 

২. দিওয়ানি মাস্তানি (বাজিরাও মাস্তানি)

সঞ্জয় লিলা বানসালি 'বাজিরাও মাস্তানি' সিনেমার মাধ্যমে তুলে ধরেছেন ভারতের এক ঐতিহাসিক প্রেম গাঁথাকে। দর্শক মাতিয়েছে সিনেমাটির গানগুলোও, যার মধ্যে অন্যতম 'দিওয়ানি মাস্তানি' গানটি। শ্রেয়া ঘোষাল এবং গানেশ চান্দানশিভের কণ্ঠে এই গানটির মাধ্যমে মাস্তানির প্রেমের স্বরূপ উন্মোচিত হয়। কাওয়ালি এবং দরবারি ঠেকার আমেজে গানটির চিত্রায়নে তৎকালীন ভারতের রাজকীয়তাকে দারুণভাবে সন্নিবেশ করা হয়েছে।

 

১. গেরুয়া (দিলওয়ালে)

দীর্ঘ পাঁচ বছর ফিরেছে চিরসবুজ শাহরুখ-কাজল জুটি। 'দিলওয়ালে' সিনেমার এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত বিষয় হয়ে আছে সিনেমার 'গেরুয়া' গানটি। আইসল্যান্ডে ধারণকৃত গানটি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান। গানটিতে শাহরুখ-কাজল জুটির রসায়ন নিঃসন্দেহে স্মৃতিকাতর করে তুলবে হিন্দি সিনেমাপ্রেমীদের। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও অন্তরা মিত্র।