চমৎকার জানোয়ারদের পাওয়া যাবে যেখানে
আবারও জাদু আর রোমাঞ্চে ভরা সেই কল্পজগতের স্বাদ পেতে চলেছেন ‘হ্যারি পটার’ ভক্তরা। ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’-এর ট্রেইলার বলছে আবার মিলবে চমকপ্রদ কোনো অভিযান দেখার সুযোগ।
হ্যারি, রন, হারমায়োনির জন্মের কয়েক দশক আগের কাহিনি বলবে নতুন এই সিনেমাটি। কাজেই চরিত্রগুলো দর্শকদের পরিচিত নয়। তবে হ্যারি পটারের সেই জাদুকরী দুনিয়াকে ঠিকই চিনে নিতে পারবেন সিরিজটির ভক্তরা।
দু মিনিটের ট্রেইলারে দেখা যায় ১৯২০ সালে নিউট স্ক্যামান্ডার নামে এক তরুন জাদুকর স্যুটকেস ভর্তি জাদুকরী কিছু প্রাণী নিয়ে নিউইয়র্কে চলে আসে। এদের মধ্যে কয়েকটি ছাড়া পেয়ে যায় ভুল করে।এদের খুঁজে পেতেই শুরু হয় অভিযান।
হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাওলিং নিজে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন।
সিনেমায় মূল জাদুকরের চরিত্রে অভিনয় করেছেন ‘দ্যা থিয়োরি অফ এভরিথিং’ খ্যাত তারকা এডি রেডমেইনে। ২০১৬ সালের ১৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
