২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বছর শেষেই আসছে ‘কৃষ্ণপক্ষ’

কথা ছিল জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তি পাবে তারই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র 'কৃষ্ণপক্ষ'। কিন্তু নানা জটিলতায় বেশ কিছুদিন বন্ধ রাখতে হয় সিনেমাটির কাজ। অবশেষে ১৪ ডিসেম্বর শেষ হয়েছে শুটিং।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 12:05 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

১৯ অক্টোবর 'কৃষ্ণপক্ষ'-এর শুটিং চলাকালীন বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সিনেমার নায়ক রিয়াজ। 

পরে তার হৃদযন্ত্রের ধমনীতে ব্লক ধরা পড়ে এবং অস্ত্রোপচার করতে হয়।

‘কৃষ্ণপক্ষ’-এর বর্তমান অবস্থা নিয়ে সিনেমাটির প্রধান সহকারী পরিচালক জুয়েল রানা বললেন, “রিয়াজ অসুস্থ থাকায় এর মাঝে আমরা অন্যান্য কাজগুলো শেষ করে ফেলেছি। ডাবিং, সাউন্ড কারেকশন, সম্পাদনা এসব কাজ আমরা এর মাঝেই শেষ করে ফেলি। পরে রিয়াজ সুস্থ হবার পর আবার শুটিং শুরু হয়। তিনি তার অংশ ডাবিং করেন। আজ শুধু একটি গানের শুটিং করলেই আমরা আমাদের সিনেমার শুটিং এর কাজ সমাপ্ত ঘোষণা করবো।”

১৩ ই নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তির পরিকল্পনা নিয়ে সিনেমাটি নির্মাণ শুরু করেন হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন। এ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটেছে তার। শুটিং পিছিয়ে যাওয়ায় নির্মাতাদের পেছাতে হয়েছে মুক্তির তারিখও। জুয়েল রানা জানালেন, “আশা করছি, এ বছরের শেষেই আমরা সিনেমাটি মুক্তি দিতে পারবো। আর যদি সেটা না হয়, তাহলে অবশ্যই পরের বছর।"

‘কৃষ্ণপক্ষ’ সিনেমায় রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে মাহিয়া মাহিকে। আরো অভিনয় করেছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম এবং ফারুক আহমেদ।