২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির বিরুদ্ধে গাইলেন বাপ্পা, সায়ন, রথীন্দ্রনাথ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৫ উপলক্ষে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে তারকা শিল্পীদের নিয়ে বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অনুষ্ঠানের গান শুনিয়েছেন বর্ষীয়ান লোকসংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, সায়ন, বাপ্পা এন ফ্রেন্ডস এবং টিআইবির স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 04:38 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্চে ওঠেন, যারা দুর্নীতি রুখতে স্বেচ্ছাসেবীর ভূমিকা নিয়েছেন। তারা পরিবেশন করেন দেশাত্মবোধক গানের গীতালেখ্য, কবিতালেখ্য, একক গান এবং টিআইবির থিম সংয়ের সঙ্গে নাচ।

তরুণ শিল্পীদের পালা শেষ হলেই মঞ্চে আলোর কেন্দ্রবিন্দুতে আর্বিভূত হন সায়ন। যে কোনো অন্যায়, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে যার পরিচয়। তিনি গাইলেন এবং ফাঁকে ফাঁকে গানের মর্মবাণী, নিজের অভিজ্ঞতা এবং দুর্নীতি সম্পর্কে করণীয় বিষয়গুলো বিবৃত করলেন। দুর্নীতির বিরুদ্ধে সাড়া দিয়ে অনুষ্ঠান উপভোগ করতে আসা শ্রোতারা যেন আশ্রয় খুঁজে পেলো তার গানেই।

সায়নের কণ্ঠে দুর্নীতির কুফল কেন্দ্রীক গানের পর দেশপ্রেম জাগিয়ে তুলতে মঞ্চে ওঠেন বর্ষীয়ান লোকসংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়। ১৯৭১ সালে সারা দেশ যখন স্বাধীকার আদায়ের জন্য লড়ছে, তখন তিনি হাতিয়ার করেন তার কণ্ঠকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধাদের একজন হয়ে ওঠেন ভাওয়াইয়া গানের জন্য পরিচিত এই শিল্পী।

প্রথম গান গাওয়ার আগেই বর্ষীয়ান শিল্পী স্মরণ করলেন তার সহযোদ্ধা-সহশিল্পী আবদুল জব্বার, অজিত রায়, আপেল মাহমুদ প্রমুখদের। যাদের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে জাগরণী গানের সুরে জাগিয়ে রেখেছিলেন অকুতোভয় মুক্তিযোদ্ধাদের।

দেশের জন্য আরেক অন্তপ্রাণ দিকপাল ব্যাক্তিত্ব পণ্ডিত বারীন মজুমদারে সন্তান বাপ্পা মজুমদার। গানই এখন যার জীবন ও জীবিকা, সংগীত বন্ধুদের নিয়ে সুরে সুরে তিনিও জানালেন জেগে ওঠার আহবান।

‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য - দুর্নীতি রুখবেই’ শ্লোগানকে এবার প্রতিপাদ্য হিসেবে বেছে নিয়েছে টিআইবি। তাদের সহযাত্রী দেশের ৪৫টি এলাকার সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, ইয়েস ফ্রেন্ডস এবং স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন)।

অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধের কর্মপন্থা বিবৃত করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি আরও বলেন, “আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল দুর্নীতিমুক্ত ও সুশাসিত বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের অর্জন অনেক। তা আরো অনেক বেশী হতে পারতো যদি দুর্নীতি না থাকতো।”

টিআইবির পরিচালক ড. রিজওয়ান-উল-আলম জানান, এবারের দিবসটি তারা বেশ কয়েক ধাপে উদযাপনের উদ্যোগ নিয়েছে। ৯ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

৭ ডিসেম্বর থেকে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতা। ৫ ডিসেম্বর অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৫র পুরস্কার ঘোষণা এবং ‘গণমাধ্যম ও সুশাসন’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।