'হলিউডের মতো হওয়ার দরকার নাই'
হলিউডকে অনুসরণের প্রচেষ্টাকে নিরুৎসাহিত করলেন নিকোল কিডম্যান। বলিউডের নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি অক্ষুন্ন রাখার পরামর্শ দিলেন তিনি। ভারতে এসে বলিউডের অবস্থান নিয়ে এমন মতই জানান অস্কারজয়ী এই অভিনেত্রী।
সাক্ষাতকারের এক পর্যায়ে কিডম্যান প্রশ্ন তোলেন, “আমি বুঝি না কেন আপনারা হলিউডের সমকক্ষ হতে চাইবেন।"
এনডিটিভিকে দেওয়া এই সাক্ষাৎকারে কিডম্যান আরো বলেন, “শিল্পের মাধ্যমে নিজেদের আত্মপরিচয় বজায় রাখা সংস্কৃতিগতভাবে দেশগুলোর জন্য খুবই জরুরি। আপনারা একটি হলিউডি সিনেমা দেখতে যেতেই পারেন, কিন্তু সবচেয় গুরুত্বপূর্ণ হচ্ছে নিজস্ব চলচ্চিত্র নির্মাণ করা যা আপনাদের এবং আপনাদের সংস্কৃতির শক্তির প্রতিনিধিত্ব করবে। ”
নিজেকে বলিউডের ভক্ত বলে আগেও দাবী করেছেন কিডম্যান। হলিউড যে বলিউডি সিনেমা থেকে উপকরণ গ্রহণ করেছে সে কথাও স্বীকার করলেন।
বর্তমানে কলকাতায় চলছে তার নতুন সিনেমা ‘লায়ন’ এর শুটিং। সিনেমায় তার সঙ্গে আরো আছেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল।
ভবিষ্যতে বলিউডি সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে বলে সাক্ষাৎকারে জানান ৪৯ বছর বয়সী তারকা কিডম্যান।
