২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনিধির ঢাকা সফর: বললেন ভালোবাসি, গাইলেন রবীন্দ্রসংগীত

শীতের বাতাস এখনও বইতে শুরু না করলেও কানসার্টের নাম উইন্টার ব্লাস্ট। আর সে কনসার্টেই টানা পাঁচ ঘণ্টা মঞ্চ মাতালেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহান, সঙ্গে ছিলেন বাংলাদেশের হাবিব ওয়াহিদ এবং ‘ইন্ডিয়ান আইডল’ এর পঞ্চম আসরের প্রতিযোগী রাকেশ মাইনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 05:13 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

আয়োজক প্রতিষ্ঠান ইনসেপশন মিডিয়া লিমিটেড এবং ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট আগেই বলেছিলো, ভারতীয় সংগীতশিল্পীদের পাশাপাশি তারা দেশীয় তারকাদের তুলে ধরতে চায় আন্তর্জাতিক অঙ্গনে। 

কনসার্টের সূচনা হলো হাবিব ওয়াহিদের গানে। বাঁশিতে জালাল আর ড্রামসে পিন্টু ভট্টাচার্য্যকে নিয়ে শুক্রবারের সন্ধ্যাটি শুরু থেকেই জমিয়ে রাখলেন তিনি। নিজে ছিলেন কি-বোর্ডে। তার পরিবেশনায় ছিলো নতুন গান ‘মন ঘুমায় রে’। কনসার্টের আগে হাবিব জানিয়েছিলেন, নিজের গানগুলো ভিন্ন আয়োজনে গাইবেন তিনি। লোক আঙ্গিকের সঙ্গে রকের ফিউশনে তিনি পরিবেশন করলেন ‘কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে’, গাইলেন ‘বাউলা কে বানাইলো রে’, ‘রঙের দুনিয়া তোরে চাই না’ গানগুলো।

বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নবরাত্রি হলে এরপর মঞ্চে উঠলেন ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত রাকেশ মাইনি। মঞ্চে এসেই রাকেশ  গাইলেন ‘সিটিলাইটস’ সিনেমার ‘মুসকুরানে কি ওয়াজা’ গানটি। আরো গাইলেন ‘রেস টু’ সিনেমার ‘লাট লাগ গায়ি’, ‘আর...রাজকুমার’ ছবির ‘গান্দি বাত’।

সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে ততক্ষণে। ঘড়ির কাঁটায় রাত নটা বাজে তখন। দর্শকের অপেক্ষা, কখন আসবেন সুনিধি!

হঠাৎ অন্ধকার হয়ে গেলো মঞ্চ। পর্দার আড়াল থেকে নারী কণ্ঠ গেয়ে উঠলো ‘ইশক ইশক কারনা হ্যায় কারলে, ইশক ইশক ম্যায়  জি লে মার লে’। ‘ধুম’ সিনেমার টাইটেল ট্র্যাক ‘ধুম মাচালে’ গানটি গাইতে গাইতেই মঞ্চে এলেন সুনিধি।  সুরের তালে উন্মাতাল তরুণদের উদ্দেশ্যে সুনিধি গাইলেন ‘হিরোইন’ সিনেমার ‘হালকাট জাওয়ানি’। মিলনায়তন জুড়ে দর্শকদের কেউ গলা মেলালেন, কেউ দল বেঁধে মেতে উঠলেন নাচে।

দর্শকের উদ্দেশ্যে সুনিধির আহ্বান, “আমার সঙ্গে গানে-গানে নাচবেন কারা?  কারা মেতে উঠবেন এ উন্মাদনায়?”  বলতে বলতেই সুনিধি গাইলেন, “চান্স পে ড্যান্স" গানটি।  তারপর শোনালেন ‘ডার্টি পিকচার’ সিনেমার ‘ইশক সুফিয়ানা’ গানটি।  গানের ফাঁকে ফাঁকে চলছিলো দর্শকের সঙ্গে তার কথোপকথন।  গাইলেন ‘চামেলি’ ছবির ‘সাজনা ভে সাজনা’,  ‘কিল দিল’ সিনেমার ‘বোল বেলিয়া’ গানটি। তারপর শোনালেন ‘ম্যায় তো অ্যাওয়ি অ্যাওয়ি লুট গ্যায়া’, 'দোস্তানা’ ছবির ‘দেশি গার্ল’। 

আরো কয়েকটি গান গাওয়ার মাঝে সুনিধি বাংলায় বললেন, “ঢাকা আমি তোমাকে ভালোবাসি’।  গাইলেন রবীন্দ্র সংগীত ‘ওগো দুখো জাগানিয়া তোমায় গান শোনাবো’।

এরপর দর্শককে নিজের ভালো লাগার কিছু গান শোনালেন, যেগুলোর মধ্যে ছিল - ‘কাভি কাভি মেরে দিল মে’, ‘কিতনা প্যায়ারা তুঝে রাবনা নে বানায়া’, ‘কামলি’।

'শিলা কি জাওয়ানি' না গাইলে চলে না, দর্শকের অনুরোধে সেটাও গাওয়া হলো। অবশেষ ‘বিড়ি জালাইলে’ গেয়ে আসরের সমাপ্তি ঘটালেন। 

ছবি-- তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম