২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের স্মরণীয় ১০ সংলাপ

সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে বলিউডের রাজা হয়ে ওঠা শাহরুখ খান প্রায় তিন দশকের ক্যারিয়ারে এমন সব সিনেমা উপহার দিয়েছেন, যেগুলোর সংলাপ আজও ফেরে দর্শকদের মুখে মুখে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 07:53 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

জনপ্রিয় এই অভিনেতা জন্মদিনে এমন কিছু সংলাপের কথা জেনে নেয়া যাক।

'আই লাভ ইউ...ককক কিরান'

'ডার' সিনেমার মানসিক বিকারগ্রস্ত প্রেমিক শাহরুখ যেমন ভয় জাগিয়েছিলেন, তেমনি না পাওয়া ভালোবাসার বিষাদের স্বাদও দিয়েছিলেন। সিনেমায় জুহি চাওলার উদ্দেশ্যে বলা তার এই সংলাপটি দীর্ঘদিন তার ট্রেডমার্ক হিসেবে বিবেচিত হতো।     

‘মোহাব্বাত জিন্দেগি কি তারাহ হোতি হ্যায়, হার মোড় আসান নেহি হোতা’

'মোহাব্বাতে' সিনেমার এই সংলাপটির বাংলা করলে দাড়ায় - 'ভালোবাসা জীবনের মতো, প্রত্যেক মোড় সহজ নয়'। ভালোবাসা হারিয়েও খোঁজার এই সিনেমায় শাহরুখের এই সংলাপ নব্বইয়ের দশকের প্রেমিক-প্রেমিকাদের জন্য বেদ বাক্য হয়ে দাড়িয়েছিল।  

‘কাভি কাভি কুছ জিতনে কে লিয়ে কুছ হারনা পারতা হ্যায়, হারকে জিতনেওয়ালে কো বাজিগার কেহতে হ্যায়’

‘বাজিগর’ সিনেমায় শাহরুখ বলেছিলেন এই সংলাপ, যার বাংলা করলে দাড়ায় - কখনো কখনো কিছু পেতে হলে কিছু হারাতে হয়, আর হেরেও যারা জিতে যায় তাদের বাজিগর বলা হয়।  ১৯৯৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমার মাধ্যমেই লাইমলাইটে চলে আসেন শাহরুখ। আজও দারুণ জনপ্রিয় তার এই সংলাপটি।

‘কন কামবাখত বারদাশত কারনে কে লিয়ে পি তা হ্যায়’

‘দেবদাস’ সিনেমার এই স্মরণীয় সংলাপ উচ্চারিত হয়েছে বহু অভিনেতার কণ্ঠেই। তবে নিজ গুণে এই সংলাপকে অনন্য মাত্রা দিয়েছেন শাহরুখ খান। ২০০২ সালে মুক্তি পাওয়া সিনেমাটির এই সংলাপটি শাহরুখের বলা সেরা সংলাপের একটি বলেই বিবেচিত হবে। 

‘পালাট......পালাট...’

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটি দেখেননি এমন মানুষ পাওয়া কঠিন, আর তার চেয়েও কঠিন এমন কাউকে খুঁজে বের করা যিনি এই সংলাপটি শোনেননি। ‘যদি সে আমাকে ভালোবাসে, তাহলে সে অবশ্যই ফিরে তাকাবে...তাকাও...তাকাও...’ - এই সংলাপ আওড়েছেন বহু প্রেমিক-প্রেমিকাই। 

‘ডন কো পাকাড়না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়’

মূলত এই সংলাপটি আওড়েছিলেন বলিউডের প্রকৃত 'ডন' অমিতাভ বচ্চন। কিন্তু 'ডন' সিনেমার রিমেইকে অভিনয় করে বিগ বির জুতোয় পা গলানোর সুযোগ পান শাহরুখ আর সেই সঙ্গে নিজের করে নেন অত্যন্ত জনপ্রিয় এই সংলাপটিকে।

‘প্যায়ার দোস্তি হ্যায়’

'ভালোবাসার অপর নাম বন্ধুত্ব আর বন্ধুত্বের অপর নাম ভালোবাসা' - ভালোবাসার সংজ্ঞাই পাল্টে দিয়েছিল এই সংলাপটি। 'কুছ কুছ হোতা হ্যায়' সিনেমায় শাহরুখ-কাজলের রসায়ন আর এই সংলাপ হিন্দি সিনেমাপ্রেমীরা কখনো ভুলবে না।

‘সাত্তার মিনিট......সাত্তার মিনিট হ্যায় তুমহারে পাস’

‘চাক দে! ইন্ডিয়া’ ছিল শাহরুখ অভিনীত হাতে গোনা কয়েকটি ভিন্ন ঘরানার সিনেমার মধ্যে অন্যতম। এ সিনেময় শাহরুখ কোনো সুন্দরীর সঙ্গে রোমান্স করেননি কিংবা নাচে গানে মানুষের মনও ভরাননি। একজন হকি কোচের ভূমিকায় শাহরুখের অনন্য অভিনয় আর সিনেমার ক্লাইম্যাক্সে সেই অসাধারণ বক্তব্য আজও বহু মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছে। 

'ইতনি শিদ্দাত সে তুমহে পানে কি কোশিশ কি হ্যায়, কি হার জাররে নে মুঝে তুমসে মিলানে কি সাজিশ কি হ্যায়'

ভালোবাসার তীব্রতা বদলে দিতে পারে ভাগ্যের রেখাও - এমনই ভালোবাসার গল্প বলে শাহরুখের 'ওম শান্তি ওম' সিনেমাটি। আর সেই সিনেমার এই সংলাপ পাথরও গলাতে পারে।

'জিও, খুশ রাহো, মুসকুরাও, ক্যায়া পাতা কাল হো না হো'

জীবনের কঠিন সময়কে পাড়ি দেয়ার অনুপ্রেরণা যোগানো এই সংলাপটি বহু শাহরুখ ভক্তই আওড়েছেন মন্ত্রের মতো। 'কাল হো না হো' সিনেমাটি যতখানি দর্শকপ্রিয়তা পেয়েছে, তার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছে এই সংলাপটি।