২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারিসন ফোর্ডের স্মৃতি বিভ্রম

বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যাওয়ার পর ধীরে ধীরে সেরে উঠছেন মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ড। কিন্তু দুর্ঘটনার কারণে আংশিক স্মৃতি হারিয়েছেন বলে জানালেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 03:37 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

চলতি বছরের শুরুর দিকে ফাইটার বিমান নিয়ে আকাশে উড়তে গিয়ে দুর্ঘটনার শিকার হন ‘ইন্ডিয়ানা জোন্স’ খ্যাত অভিনেতা।

আকাশে উড়াল দেয়ার পর বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়, এরপর বাধ্য হয়ে জরুরি অবতরণ করেন ফোর্ড। এই ঘটনায় অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন তিনি।

সম্প্রতি প্রথমবারের মতো দুর্ঘটনাটি নিয়ে কথা বলেন জিমি কিমেল উপস্থাপিত টক শোতে। তিনি বলেন, “পুরো ঘটনা আমি মনে করতে পারি না এখনও, তবে খানিকটা আমার মনে আছে। আমার মনে পড়ে ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। মনে পড়ে আমাকে বলা হচ্ছিল স্বাভাবিকভাবে অবতরণ করতে, কিন্তু তা যে করতে পারবো না আমি জানতাম। এরপর আর কিছুই মনে নেই।”

‘স্টার ওয়ার্স’ তারকা আরও জানান, চিকিৎসার সময় তাকে যে পরিমাণ ওষুধ দেয়া হয়েছে, তার ফলে সাময়িকভাবে স্মৃতি বিভ্রম হচ্ছে তার।

এই ঘটনায় মাথাসহ শরীরের কয়েকটি স্থানে আঘাত পেয়েছিলেন ফোর্ড।