এবার সেলুলয়েডের নায়ক ঢাকা শহর
ঢাকা শহরকেই এবার সিনেমার নায়ক করে তুলতে চলেছেন 'সুতপার ঠিকানা' খ্যাত নির্মাতা প্রসূন রহমান। স্বপ্ন ও স্বপ্নভঙ্গের শহর ঢাকাকে নিয়ে বানাবেন ‘ঢাকা ট্রিলজি’।
প্রত্যন্ত অঞ্চল থেকে উন্নত জীবন ও জীবিকার সন্ধানে ঢাকায় আসা মানুষের গল্প নিয়ে নির্মিত হবে ট্রিলজির প্রথম চলচ্চিত্র 'ঢাকা ড্রিম'।
প্রসূন রহমান গ্লিটজকে বলেন, “ছোটো একটি জেলা শহর থেকে জীবিকার প্রয়োজনে এবং নানামুখী স্বপ্নপূরণে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমানো কিছু মানুষের গল্প 'ঢাকা ড্রিম’। প্রথমবারের মতো ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করা কিছু মানুষের ঢাকায় আসবার পেছনের কারণ ও যাত্রার দিনের অন্যরকম এক ভ্রমণ অভিজ্ঞতার গল্প, যা একই সাথে পৃথক এবং সম্মিলিত।”
সিনেমায় ‘আয়নাল ফকির’ নামে একজন রহস্যময় অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু। এছাড়া জীবিকার সন্ধানে ঢাকায় আসতে বাধ্য হওয়া আরও কয়েকজন প্রান্তিক মানুষের চরিত্রে থাকবেন- নওশাবা, শাহাদাত, ইকবাল, সজীব, মুনিরা মিঠু।
‘সুতপার ঠিকানা’র মতো ‘ঢাকা ড্রিম’-এরও সংগীত পরিচালনা করছেন কুমার বিশ্বজিৎ। সম্প্রতি কুমার বিশ্বজিৎ -এর নিজস্ব স্টুডিওতে শিল্পী বারী সিদ্দিকীর কণ্ঠে একটি গান ধারণ করা হয়েছে সিনেমাটির। ‘একদিন আমারও ছিল ঘর..’ শিরোনামের গানটিতে নদী ভাঙনে গৃহহারা একটি পরিবারের হাহাকার ধ্বণিত হয়। ‘ঢাকা ড্রিমস’নির্মিত হচ্ছে প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমোশন ক্রিয়েটরের ব্যানারে।
সরকারী অনুদানে নির্মিত প্রসূন রহমানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র- সুতপার ঠিকানা মুক্তি পেয়েছে গত মে মাসে। শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়ায় বিকল্প পদ্ধতিতে প্রদর্শন করছেন বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতে। ডিসেম্বরে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে মালয়েশিয়ার চারটি মাল্টিপ্লেক্সে।
ইতোমধ্যে ইন্দোনেশিয়ার ফিল্ম ফেস্টিভাল ফর পিস এন্ড ইকুয়ালিটিতে জিতেছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অফ মেরিট পুরস্কার। আনুষ্ঠানিকভাবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে মায়ামি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভাল, স্পেনের আই ফিল্ম মেকার ফেস্টিভাল এবং দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে।
নির্মাতা প্রসূন রহমান বলছেন, “দেশব্যাপী কমপক্ষে ২০টি মাল্টিপ্লেক্স হওয়ার আগ পর্যন্ত আসলে জীবনঘনিষ্ট চলচ্চিত্র নির্মাণের কোনো মানে হয়না। কারণ সিনেপ্লেক্সগুলো ছাড়া জীবনঘনিষ্ট চলচ্চিত্র প্রদর্শনে আগ্রহী নয় কেউ। পোস্টারে বন্দুক-পিস্তলসহ নায়ক আর ভিলেন হিংস্র ভঙ্গীতে দাঁড়িয়ে না থাকলে সে ছবি প্রদর্শনে আগ্রহী নয় প্রদর্শকরা। অন্য হলগুলোতে সুস্থ চলচ্চিত্রের দর্শকদের যাওয়ার মতো অবস্থাও নেই।”
