কসবির বিরুদ্ধে যৌন হয়রানির আরো অভিযোগ
মার্কিন টিভি তারকা বিল কসবির বিরুদ্ধে আরো দুজন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি নারী যৌন হয়রানি এবং লাঞ্ছনার অভিযোগ এনেছেন জনপ্রিয় এই কমেডিয়ানের বিরুদ্ধে।
অভিযোগকারী দুই নারীর ডটি নামে পরিচয় দেয়া একজন বলেন, ১৯৮৪ সালে ‘দ্য কসবি শো’- এর অডিশন নেবার সময় নিউ ইয়র্ক সিটি অ্যাপার্টমেন্টে তাকে মাদক সেবন করিয়ে ধর্ষণ করেন কসবি। সে সময় তার বয়স ছিল ৩০ বছর।
তিনি বলেন, “আমি চাই মানুষ জানুক যে আমি তখন পুলিশের কাছে যাইনি, কারণ আমি ভেবেছিলাম আমার সঙ্গে যা হয়েছে তা কোনো না কোনো ভাবে আমিই হতে দিয়েছি।”
আশির দশকে কসবির জনপ্রিয়তার কারণে তিনি প্রতিবাদ জানাতে সঙ্কোচ বোধ করেন বলে জানান।
“আমি প্রতিবাদ করিনি এবং আমি লজ্জা অনুভব করছিলাম সে কথা অন্যদের বলতে বিব্রত বোধ করছিলাম। আমার মনে হয়েছিল, সে বিল কসবি। কে আমার কথা বিশ্বাস করবে?”
ডনা ব্যারেট নামের অন্যজন দাবী করেন, ২০০৪ সালে ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার নিজের সতীর্থদের সঙ্গে ছবি তুলছিলেন তিনি। সেই মুহূর্তে কসবি তাকে পেছন থেকে জাপটে ধরেন এবং জোরপূর্বক নিজের দেহের সঙ্গে চেপে ধরেন।
এদিকে ৭৮ বছর বয়সী কসবির আইনজীবী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এখন পর্যন্ত সব অভিযোগই নাকচ করেছেন কসবি এবং তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়নি।
ডটি এবং ডনার আইনজীবী গ্লোরিয়া অলরেড জানালেন, আরো অনেক নারী তার সঙ্গে যোগাযোগ করেছেন যারা কসবির বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে প্রস্তুত। যদিও তিনি জানাননি তারা সংখ্যায় কজন।
কসবিকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য নিজের সর্বোচ্চ চেষ্টাই করবেন বলে জানান অলরেড, “আমি জনাব কসবিকে এই নিশ্চয়তা দিতে পারি, আরো অনেক নারী রয়েছেন যারা কসবির যৌন আক্রমনের শিকার কিন্তু তাদের ভবিষ্যতে সামনে এগিয়ে আসার সাহস রয়েছে।”
২০০০ সাল থেকে ক্রমাগত যৌন হয়রানির অভিযোগ এলেও, গত মাসে প্রথম কোনো অভিযোগের এজাহারে আদালতে নিজের জবানবন্দী দেন কসবি। অভিযোগকারী নারী দাবী করেন, মাত্র ১৫ বছর বয়সে কসবির দ্বারা হয়রানির শিকার হনি তিনি।
