২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ রাষ্ট্রদূতের জঙ্গি বিভ‍্রাট

যুক্তরাজ্যে রাশিয়ার রাষ্ট্রদূত ইরাকে আইএস দমনে মার্কিন হস্তক্ষেপের সমালোচনা করেছেন টুইটারে। তবে টুইটারে জঙ্গী দাবী করে যে ছবিটি তিনি ব্যবহার করেছেন, সেটা ছিল ২০০৮ সালের মার্কিন সিনেমা ‘হ্যারল্ড অ্যান্ড কুমার এস্কেইপ ফ্রম গুয়ানতানামো বে’র একটি দৃশ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 08:11 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইয়াকোভেঙ্কো টুইট করেন “বাগদাদ যদি আইএসআইএল দমনে রাশিয়ার সাহায্য নিতে চায় তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাককে সাহায্য করা বন্ধ করে দেবে। জঙ্গিরা বোধহয় এখন উল্লাস করছে।” টুইটের সঙ্গে তিনি ‘হ্যারল্ড অ্যান্ড কুমার’ সিনেমায় কুমার চরিত্রের অভিনেতা ক্যাল পেনের একটি ছবি পোস্ট করেন।

এই ছবি বিভ্রাটের প্রসঙ্গটি টেনে টুইট করেন অভিনেতা এবং সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা পেন। অনেকটা ব্যাঙ্গ করেই তিনি লেখেন, “যুক্তরাজ্যে রাশিয়ার রাষ্ট্রদূত ‘হ্যারল্ড অ্যান্ড কুমার’ এর একটি ছবিকে দারুণ গুরুত্ব দিয়ে পোস্ট করেছে! আমি হাসি থামাতে পারছি না।”

বিদ্রুপাত্মক এই টুইটটি ইতোমধ্যে রিটুইট হয়েছে শতাধিকবার। ছবি বিভ্রাটের এই ঘটনার পর যুক্তরাজ্যে রুশ দূতাবাসের তরফ থেকে টুইটারে ব্যাখ্যা দেয়া হয়েছে।

“একজন সত্যিকার জঙ্গিকে হাসতে দেখা দুষ্কর ব্যাপার। সিনেমায় আপনার অভিনয় ছিল দারুণ এবং একজন জঙ্গির উপহাস প্রমাণ করার জন্য যথেষ্ট।”

টুইটারে পোস্ট করা পেনের ছবিটি গুগল সার্চ অপশনে খুঁজে পাওয়া গেছে সবচেয়ে বেশি। ‘হাস্যোজ্জ্বল জঙ্গি’- লিখে গুগলে সার্চ করার সময়ে প্রতিবারই ফলাফলে এসেছে পেনের এই ছবি। যা থেকেই ধারণা করা যাচ্ছে ইয়াকোভেঙ্কোর এই ছবি বিভ্রাটের ব্যাখা।

এদিকে পেন বিষয়টি নিয়ে আরো এক দফা বিদ্রুপ করতে ছাড়েননি। ‘রকি ফোর’ সিনেমায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে প্রতিনিধিত্বকারী মল্লযোদ্ধা ইভান ড্র্যাগোর ছবি পোস্ট করে তিনি লেখেন, “ধন্যবাদ, জনাব রাষ্ট্রদূত।” মজার বিষয় হচ্ছে,  ইভান ড্র্যাগো চরিত্রে অভিনয় করা ডলফ লুন্ডগ্রেন রুশ নন, তিনি সুইডিশ।