স্ট্যালনের শিষ্য সালমান?
সালমান খান এবং সিলভেস্টার স্ট্যালোন - বলিউড ও হলিউডের দুই অ্যাকশন তারকা পর্দায় আসতে পারেন একই সঙ্গে। দর্শকের জন্য এমন চমক থাকতে পারে সালমানের পরবর্তী সিনেমা ‘সুলতান’ এ।
একজন কুস্তিগীরের চরিত্রে ‘সুলতান’-এ দেখা যাবে সালমানকে। আর তার প্রশিক্ষক হিসেবেই স্ট্যালোনকে চাচ্ছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ।
ডিএনএ বলছে, এ ব্যাপারে এখনও ৬৯ বছর বয়সী স্ট্যালোনের সাড়া পাওয়া যায়নি।
'রকি' খ্যাত এই অভিনেতার হিন্দি সিনেমায় অভিষেক ঘটেছে আগেই।আকশায় কুমার ও কারিনা কাপুর খান অভিনীত ‘কামবাখত ইশক’ সিনেমায় একটি অতিথি চরিত্রে অভিনয় করলেও তার অভিনীত অংশের অনেকখানি বাদ দেয়া হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
তবে সব কিছু ঠিক থাকলে ‘সুলতান’ সিনেমাতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি।
সালমান ও স্ট্যালোনের একসঙ্গে অভিনয়ের গুঞ্জন শোনা গেছে আগেও। টুইটারে সালমানের প্রশংসা করে তার সঙ্গে পর্দা ভাগ করে নেয়ার ইচ্ছা পোষণ করেছিলেন স্ট্যালোন।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ সিনেমাটি মুক্তি পেতে পারে আগামী বছরের ঈদে।
