'হোমল্যান্ড'কে ঘোল খাওয়ালো তিন আরব শিল্পী
মার্কিন টিভি সিরিজ 'হোমল্যান্ড' নির্মাতাদের ঘোল খাওয়ালেন তিন আরব গ্রাফিতি শিল্পী। সিরিজটির সেটে এমন কিছু গ্রাফিতি এঁকে দিয়েছেন তারা, যা তাদের নিজস্ব বক্তব্যকেই তুলে ধরেছে।
এমি ও গোল্ডেন গ্লোব জয়ী 'হোমল্যান্ড' - এর বিরুদ্ধে মুসলমান বিদ্বেষের অভিযোগ উঠেছে বার বারই। মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে - এমন বিতর্কের মুখে বরাবরই পড়েছে জনপ্রিয় এই টিভি সিরিজটি।
সিএনএন বলছে, 'হোমল্যান্ড' - এর পঞ্চম সিজনে দেখানো হচ্ছে সিরিয়া-লেবানন সীমান্তে একটি শরণার্থী শিবিরের দৃশ্য। মূলত জার্মানির বার্লিনে এর শুটিং হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের আবহ আনার জন্য দেয়ালে গ্রাফিতি আঁকার ব্যবস্থা করেছিলেন সেট নকশাকারীরা।
আরবি ভাষায় গ্রাফিতি আঁকার জন্য নেয়া হয় তিন আরব শিল্পীকে। গৃহযুদ্ধের আবহ সৃষ্টির জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসাদের বিরুদ্ধে কিছু কথা লিখতে বলা হয় তাদের। কিন্তু তারা সম্পূর্ণ অন্য বক্তব্য সম্বলিত কিছু গ্রাফিতি আঁকেন।
'হোমল্যান্ড'- এর নতুন সিজনের দ্বিতীয় পর্ব প্রচারের পর ধরা পড়ে, দেয়ালে লেখা ছিল 'হোমল্যান্ড বর্ণবাদী'। এছাড়াও লেখা ছিল, 'হোমল্যান্ড কোনো সিরিজ নয়', 'হোমল্যান্ড বলে কিছু নেই'।
সম্প্রতি এই কাণ্ডের কথা স্বীকার করেন সেই তিন শিল্পী। এক বিবৃতিতে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেন।
"আরব, পাকিস্তানি, আফগান ও সর্বোপরি মুসলমান বিশ্বকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে এই সিরিজে। এভাবে সবাইকে একই ছাঁচে ফেলা একদম ঠিক নয়, কারণ এর ফলে বিশ্ববাসী আমাদের সবাইকে সন্ত্রাসী ভাববে।"
অবশ্য এই বিতর্ক নিয়ে বেশি ভাবছেন না 'হোমল্যান্ড' নির্মাতা অ্যালেক্স গানসা। তার মতে, এতে সিরিজের জনপ্রিয়তার পালে আরও হাওয়া লাগবে।
