পাকিস্তানি সিনেমায় কারিনা!
এবার পাকিস্তানি সিনেমায় দেখা যেতে পারে বলিউড তারকা কারিনা কাপুর খানকে। শোনা যাচ্ছে, পাকিস্তানি নির্মাতা শোয়েইব মনসুরের সঙ্গে দেখা করতে দুবাই যাচ্ছেন তিনি।
কারিনার ঘনিষ্ট এক সূত্র ভারতীয় দৈনিক মিড-ডেকে জানায়, "বেশ কয়েক মাস আগেই মনসুর ই-মেইলের মাধ্যমে সিনেমার মূল ভাবটি পাঠান। তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ একটি চরিত্রেই অভিনয় করবেন কারিনা। সিনেমার ভাবনাটি পছন্দ করলেও চিত্রনাট্য না পড়ে কোনো মতামত দিতে পারবেন না বলে জানান তিনি।"
মনসুরের সঙ্গে দুবাইয়ে দেখা করেই সিনেমার চুক্তি সম্পন্ন করবেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। আর এ চুক্তি সম্পন্ন হলে এটাই হবে পাকিস্তানি কোনো সিনেমায় ভারতের প্রথম সারির কোনো তারকার প্রথম কাজ করার ঘটনা।
বর্তমানে 'চিনি কাম' খ্যাত পরিচালক আর বালকির 'কি অ্যান্ড কা'-এর শুটিয়ে ব্যস্ত এই অভিনেত্রী কয়েক দিনের ছুটি নিচ্ছেন মনসুরের সঙ্গে দেখা করার জন্য।
সূত্রটি আরও জানায়, "মৌখিক ভাবে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও তিনি আগে চিত্রনাট্যটি পরিচালকের কাছ থেকে শুনতে চান। তারপরে তিনি চুক্তিতে সই করবেন। আপাতত তিনি এমন সব কাজেই হাত দিচ্ছেন যা কি না তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে সাহায্য করবে।"
সিনেমাটির চুক্তি সই হলে এক দিনের জন্য টুইটারে ধরা দেবেন বেবো। এ মাসের শেষেই ভক্তদের সঙ্গে কথা বলবেন তিনি।
